[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সারাদেশে খেলার মাঠ স্থাপনে কেন্দ্রীয় কমিটির প্রথম সভা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ ১৬:০৩ পিএম

সারাদেশের শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং সে লক্ষ্যেই ক্রীড়া অবকাঠামো উন্নয়নে কাজ চলছে। খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া এবং জাতীয় দলের খেলোয়াড়দের একটি নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগও প্রক্রিয়াধীন রয়েছে। তিনি জানান, প্রান্তিক পর্যায়ে প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি আগামী ৩০ এপ্রিল উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

সভায় দেশের প্রতিটি ইউনিয়নের মাঝামাঝি স্থানে একটি করে স্থায়ী খেলার মাঠ নির্ধারণ, প্রতিটি উপজেলায় একটি মাঠ স্থাপন এবং ঢাকা মহানগরের প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের জন্য তিন থেকে চার বিঘা আয়তনের মাঠ গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি রাজধানীর প্রতিটি ওয়ার্ডে আধুনিক ফুটসাল মাঠ তৈরির পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

এ ছাড়া সারাদেশের অব্যবহৃত জায়গা চিহ্নিত করে খেলার মাঠ হিসেবে ব্যবহারের উপযোগী করতে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া এবং মাঠগুলো পরিদর্শনে একটি সচিব কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর