এশিয়ান আরচারিতে পদক ও পদ দু্ই লক্ষ্য বাংলাদেশের
৮-১৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে পদকের আশা করছেন বাংলাদেশের কর্মকর্তারা। ৩০ দেশের অংশগ্রহনে এই টুর্নামেন্টে পদকের পাশাপাশি এশিয়ন আরচারির সভাপতি পদেও জয়ের প্রত্যাশা করছেন কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।
রোমান সানা নেই। রিকার্ভের আরেক তারকা দিয়া সিদ্দিকীও বিদেশ পাড়ি জমিয়েছেন। কম্পাউন্ড ইভেন্টের তারকা অসীম কুমারও যুক্তরাষ্ট্রে। তারপরও ঘরের মাটিতে অনুষ্ঠিত এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে পদকের প্রত্যাশা স্বাগতিকদের। মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক ও টুর্নামেন্ট সাংগঠনিক কমিটির চেয়ারম্যান কাজী রাজীব উদ্দিন আহমেদ বলেন, ‘অবশ্যই আমরা পদকের আশা করি। তবে কোনো ঘোষণা দেব না। এটা মনসংযোগের খেলা, ফলে যে কোনো কিছুই ঘটতে পারে। আমাদের প্রস্তুতি ভালো, আমরা আশাবাদী। গত আসরে আমরা রুপা পেয়েছিলাম। এবারও ভালো কিছু আশা করছি।’
৮-১৪ নভেম্বর ঢাকায় এশিয়ার ৩০ দেশ নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়ান আরচারির আসর। ইতোমধ্যে তিমুর লেস্তে ঢাকায় এসেছে চার দিন আগেই। রাজনৈতিক বৈরীতায় ভারতের ক্রিকেট ও নারী অ-২০ দল বাংলাদেশে আসেনি। তবে আরচারিতে তারা আসছে। দক্ষিণ কোরিয়া, চীন, ইরানের মতো শক্তিশালী দেশের পাশাপাশি ফিলিস্তিন, সিরিয়ার মতো যুদ্ধবিদ্ধস্ত দেশের আরচাররাও আসছেন বাংলাদেশে। রাজীব উদ্দিন আহমেদ যোগ করেন, ‘এখন পর্যন্ত সব মিলিয়ে দুইশতাধিকের বেশি আরচার নিবন্ধন করেছেন। আমরা আগামীকাল (আজ) পর্যন্ত নিবন্ধন গ্রহণ করব। ফিলিস্তিন, সিরিয়ার আরচারদের আমরা প্রয়োজনীয় সহায়তাও করছি। নারী-পুরুষ উভয় বিভাগে অনেক অলিম্পিয়ান আরচার আসছেন।’
এশিয়ান আরচারির জন্য জাতীয় ক্রীড়া পরিষদ ৬ মাস আগে স্টেডিয়াম বরাদ্দ দিয়েছিল। ১৩ নভেম্বর বাংলাদেশ ও নেপালের মধ্যকার প্রীতি ম্যাচের জন্য এখন আরচারিকে পদকের ম্যাচগুলো ১৩-১৪ নভেম্বর আর্মি স্টেডিয়ামে আয়োজন করতে হচ্ছে। ফেডারেশনের সভাপতি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বর্তমানে পরিকল্পনা কমিশনের সদস্য মোখলেসুর রহমান বলেন, ‘ভেন্যু নিয়ে অনেক আলোচনা হয়েছে। আর মন্তব্য করে নেতিবাচক কিছু ছড়াতে চাই না। আমি সাধারণ সম্পাদককে আগামীতে এজন্য আরো বেশি সমন্বয় করার নির্দেশনা দিয়েছি। ’
এদিকে এশিয়ান আরচ্যারির পাশাাপশি ঢাকায় এশিয়ান আরচারির কংগ্রেস অনুষ্ঠিত হবে। ৮ নভেম্বরের কংগ্রেসে বিশ^ আরচারির এশিয়া অঞ্চলের সভাপতি পদের প্রার্থী বাংলাদেশের কাজী রাজিব উদ্দিন আহমেদ। তবে তার প্রতিদ্বন্দ্বি বর্তমান সভাপতি কোরিয়ার হুন্দাই মটর গ্রুপের চেয়ারম্যান ইউসুন চুং। সামাজিক ও আর্থিক ক্ষমতাসম্পন্ন প্রার্থীকে হারানোর আশাবাদ বাংলাদেশের বিশিষ্ট সংগঠক রাজীব উদ্দিন আহমেদের, ‘আমি আরচারি নিয়ে দীর্ঘদিন কাজ করছি। আমরা সঙ্গে এশিয়ার অনেক দেশেরই সুসম্পর্ক রয়েছে।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: