পদক জয়ের লক্ষ্যে ব্যাংকক যাচ্ছে আরচারি দল
থাইল্যান্ডের ব্যাংককে ২১ মার্চ থেকে ৫ এপ্রিল দুটি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন লাল সবুজের তীরন্দাজরা। পদক জয়ের লক্ষ্য নিয়ে শুক্রবার ব্যাংকক রওয়ানা হচ্ছে ১৪ সদস্যের আরচারি দল। ২১-১৮ মার্চ এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট স্টেজ-১ এবং ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল ওয়ার্ল্ড আরচারি প্যারা সিরিজ।
দেশের আরচারিতে চলছে উত্থান-পতনের গল্প। পদক জয়ের নায়ক রোমান সানা এখন অতীত। স্ত্রী তীরন্দাজ দিয়া সিদ্দিকীকে নিয়ে উড়াল দিয়েছেন যুক্তরাষ্ট্রে। আরচার অসীম কুমারও ওই দেশে। এমন পতনের পর ফের ঘুরে দাঁড়িয়েছে আরচারি ফেডারেশন। তৈরী করছে নতুন তীরন্দাজদের। তাই এখন শুধু রিকার্ভই নয়, কম্পাউন্ড থেকেও পদক প্রত্যাশা করছে বাংলাদেশ। এমন আশার বানীই শোনালেন ফেডারেশনের সাধারন সম্পাদক তানভীর আহমেদ। তার কথা, ‘আমরা ঘুরে দাঁড়িয়েছি। এখন রিকার্ভের পাশাপাশি কম্পাউন্ডেও পদকের প্রত্যাশা করছি।’
ফেডারেশনের কর্মকর্তারা জানান, নিয়মিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নতুন তীরন্দাজদের অভিজ্ঞ করে তোলাই এখন প্রধান লক্ষ্য। সেই ধারাবাহিকতায় এই আসরগুলোকে বেশ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তাদের বিশ্বাস, অনুশীলন ও প্রস্তুতির দিক থেকে এবারের দল আগের তুলনায় বেশি আত্মবিশ্বাসী।
এশিয়া কাপের আসরে রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগের তীরন্দাজরা অংশ নেবেন। অন্যদিকে প্যারা সিরিজে দেশের দুই প্যারা আরচার প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামাীকাল ফটোসেশন করে শুক্রবার রাতে ব্যাংকক যাবেন আরচাররা। ব্যাংককগামী দলের তীরন্দাজরা হলেন- রিকার্ভ আরচার রামকৃষ্ণ সাহা, রাকিব মিয়া, আবদুর রহমান আলিফ, সোনালী রায় এবং কম্পাউন্ড আরচার ঐশ^র্য্য রহমান, নেওয়াজ আহমেদ রাকিব, হিমু বাছাড়, কুলছুম আক্তার মনি ও বন্যা আক্তার। এছাড়া ওয়ার্ল্ড আরচারি প্যারা সিরিজে খেলবেন জুমা আক্তার ও আল আমিন হোসেন। দলের সঙ্গে কোচ হিসাবে যাচ্ছেন মার্টিন ফ্রেডরিক, নুরে আলম ও ইমদাদুল হক মিলন।
পদক জয়ের আশা করে সাধারন সম্পদক বলেন, ‘সব এশিয়া কাপেই আমরা চেষ্টা করি একটি পদক জেতার। আগের রিকার্ভে পেতাম, এবার রিকার্ভের পাশাপাশি কম্পাউন্ডেও পদকের প্রত্যাশা করছি। আমার বিশ^াস কম্পাউন্ড দলের তীরন্দাজরা আগের চেয়ে অনেক পরিপক্ক।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: