[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

পদক জয়ী তিন আর্চারকে ৩০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ঘোষণা যুব ও ক্রীড়া উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫ ১৮:১১ পিএম

ঢাকায় শুক্রবার শেষ হয়েছে ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়শিপ। প্রতিযোগিতার কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রুপা জিতেছেন হিমু বাছাড় ও বন্যা আক্তার। আর কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছেন কুলসুম আক্তার মনি। এই তিন আর্চারের প্রত্যেককে ১০ লাখ করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শুক্রবার বিকেলে প্রতিযোগিতার সমাপনী পুরস্কার বিতরণী শেষে এই ঘোষণা দেন।

পুরস্কার বিতরণী শেষ করে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, 'অলিম্পিকে গোল্ড মেডেল পেতে হলে যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মত সুযোগ-সুবিধা থাকতে হয়। সেক্ষেত্রে আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে সক্ষমতা আছে সেভাবেই আমরা তাদেরকে সহযোগিতা করব। এটা সত্যি বিশ্বের বহুল জনসংখ্যার দেশের মধ্যে একটি হলেও অলিম্পিকে গোল্ড নেই আমাদের। তবে আমি আশা করি এই আর্চারির মাধ্যমে আমরা গোল্ড পাব। আর এই অনুষ্ঠানের মাধ্যমে একটি ঘোষণাও দিতে চাই যে, এই প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে যে তিন জন মেডেল পেয়েছেন তাদের আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্র্যত্যেককে দশ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করছি।'

উপদেষ্টা যখন এমন ঘোষণা দিচ্ছেন ততক্ষণে টিম হোটেলে পৌঁছে গেছেন আর্চাররা। সেখান থেকেই এমন সুসংবাদ পেয়ে উচ্ছ্বসিত বন্যা আক্তার। অন্য আর্চারদের পক্ষ থেকে তিনি বলেন, 'সত্যি যদি এমন ঘোষণা দিয়ে থাকেন মাননীয় ক্রীড়া উপদেষ্টা তাহলে এর চেয়ে খুশির খবর আর কিছু নেই। এতে আর্চারিতে আমাদের আগ্রহ আরও বাড়বে। আমরা আরও বেশি মনোযোগি হতে পারব এই খেলায়। শুধু তাই নয় অনেকেই হয়তো আর্চারি ছেড়ে বিদেশে চলে যান, সেক্ষেত্রে এসব সম্ভাবনাও কমে আসবে। সব মিলিয়ে আমি খুবই খুশি এমন একটা আর্থিক পুরস্কারের ঘোষণার কথা শুনে।'

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর