টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের আরও অবনতি, বড় লাফ নাহিদের
জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারের ফলে নিজেদের ইতিহাসসেরা অবস্থান ৭ থেকে এক ধাপ পিছিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ৮ নম্বরে নেমে গিয়েছিল বাংলাদেশ। আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে টাইগারদের আরও একধাপ অবনতি হয়েছে।
৮ থেকে বাংলাদেশ নেমে গেছে ৯ নম্বরে। তবে এই অবনতির নেপথ্যে সরাসরি বাংলাদেশ নয়, আছে ওয়েস্ট ইন্ডিজ। তারা শ্রীলঙ্কার বিপক্ষে অ্যান্টিগায় প্রথম টেস্টে ইনিংস ও ২১৭ রানের ব্যবধানে জেতার পর দ্বিতীয় ম্যাচ ড্র করেছে।
ফলে তাদের রেটিং ৬৮ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৪-এ। ৬ রেটিং বাড়ায় তারা বাংলাদেশকে পেছনে ঠেলে ৮ নম্বরে উঠেছে। বাংলাদেশের রেটিং আগের মতোই ৭৩।
তালিকায় আর কোনো পরিবর্তন নেই। ১৩১ রেটিং নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং ১১৯। এরপর রয়েছে নিউজিল্যান্ড, ভারত, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তান । ১৭ রেটিং নিয়ে সবার নিচে অবস্থান করছে জিম্বাবুয়ে।
টাইগারদের এই দুঃসংবাদের মধ্যেও সুসংবাদ পেয়েছেন এক্সপ্রেস গতির নাহিদ রানা। চাপাই পেসার ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। ১৭ ধাপ এগিয়ে তিনি চলে এসেছেন সেরা দশের দ্বারপ্রান্তে। বর্তমানে ৫৯০ রেটিং পয়েন্ট নিয়ে ১২ নম্বরে অবস্থান করছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২১ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।
নাহিদের মতো জিম্বাবুয়ের ব্লেজিং মুজারাবানিও ১৭ ধাপ এগিয়েছেন। ৫১৭ রেটিং পয়েন্ট নিয়ে তার বর্তমান স্থান ৩৩। তবে অবনতি হয়েছে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলামের। সেরা দশের ভেতরে থাকা মিরাজ বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ৯ নম্বরে নেমেছেন। ৩ ধাপ অবনতিতে শরিফুল ইসলাম নেমেছেন ২১ নম্বরে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: