অক্টোবরে ব্রাজিলের এশিয়া সফরের সূচি চূড়ান্ত
আগামী অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা খেলবে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।
আগামী ৫ ও ১০ সেপ্টেম্বর যথাক্রমে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করবে ব্রাজিল। আগামী বছরের মধ্যভাগে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত রাখতে বাকি সময়ে আরও ৬টি প্রীতি ম্যাচ তারা খেলতে পারে বলে জানা গেছে। যার শুরু হবে এশিয়া সফর দিয়ে। আগামী অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা খেলবে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট দিয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এই সূচি চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়া এবং ১৪ অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
ব্রাজিল-কোরিয়ার সবশেষ লড়াই হয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে। দক্ষিণ আমেরিকান দলটি ৪-১ গোলে উড়িয়ে দেয় এশিয়ান প্রতিপক্ষকে। আর শেষবার তারা প্রীতি ম্যাচ খেলেছিল একই বছর বিশ্বকাপের আগে। সিউলে সেই ম্যাচে ৫-১ গোলে জেতে সেলেসাওরা। দুই দলের আটবারের দেখায় মাত্র একবার জিতেছে কোরিয়া, ১৯৯৩ সালের প্রীতি ম্যাচে তারা ১-০ গোলে জেতে।
কাতার বিশ্বকাপে একই সময়ে জাপানের বিপক্ষে প্রীত ম্যাচ খেলে ১-০ গোলে জিতেছিল ব্রাজিল। দুই দলের মধ্যে ১৩ বারের দেখায় ১১ ম্যাচ জিতেছে ব্রাজিল, দুটি হয়েছে ড্র।
চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড থেকে বাদ পড়া নেইমার এখন এই দুটি ম্যাচের দিকে তাকিয়ে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: