[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বসুন্ধরা কিংসে খেলা ব্রাজিলিয়ান রবসন এখন মোহনবাগানে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৯ পিএম

রবসন রবিনহো মোহনবাগানকে বাছেননি। মোহনবাগান তাঁকে বেছেছে। নতুন দলের সঙ্গে যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে চান ব্রাজিলীয় উইঙ্গার। খেলতে চান কলকাতা ডার্বি।

 

ব্রাজিলিয়ান বিশ্বসেরা তারকা নেইমারের বিরুদ্ধে খেলা রবসন দ্য সিলভা রবিনহো সোমবার কলকাতায় নেমেই মোহানবাগানের অনুশীলনে যোগ দেন। সবুজ-মেরুন তাঁবুতে বসে তিনি বললেন, ভারতের সেরা ক্লাবের প্রস্তাব উপেক্ষা করতে পারেননি।

বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের কোচ থাকার সময় অস্কার ব্রুজেনের অন্যতম ভরসা ছিলেন রবসন। তাঁকে এ মৌসুমে লাল-হলুদ জার্সি পরাতে চেয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ। কিন্তু সেই প্রস্তাব উপেক্ষা করে প্রতিপক্ষ সবুজ-মেরুন শিবিরের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন রবসন। ষষ্ঠ বিদেশি হিসাবে যোগ দিয়েছেন ৩০ বছরের ফুটবলার।

মোহনবাগানে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত রবসন। তিনি বলেছেন, ‘মোহনবাগান খুব ভাল দল। বেশ শক্তিশালী। বাংলাদেশের বসুন্ধরার কিংসের হয়ে এই ক্লাবের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে আমার। ফুটবল দলগত খেলা। আমার লক্ষ্য থাকবে, যত দ্রুত সম্ভব দলের সঙ্গে মানিয়ে নেওয়া। কারণ মোহনবাগান আমাকে বেছে নিয়েছে।’

নতুন ক্লাবের হয়ে লক্ষ্য কী? রবসন বলেছেন, ‘মোহনবাগানের হয়ে নিজের সেরাটা দিতে চাই। প্রতিটা ম্যাচে নিজেকে উজাড় করে দিতে চাই। আইএসএল, এএফসি, সুপার কাপ খেলার জন্য মুখিয়ে আছি।’

উইঙ্গার রবসন স্ট্রাইকার হিসাবেও স্বচ্ছন্দে খেলতে পারেন। ইস্টবেঙ্গল কোচ ব্রুজেন বাংলাদেশে তাঁকে স্ট্রাইকার হিসাবেই ব্যবহার করতেন। ব্রুজেনের দলের হয়ে তাঁর সাফল্য নজরকাড়া। তিন বছরে ৯৭টি ম্যাচে ৬৪টি গোল রয়েছে তাঁর। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪৯টি গোল। নতুন ক্লাবে নিজের পজিশন নিয়ে অবশ্য ভাবছেন না। রবসন বলেন, ‘কোন পজিশনে খেলব, সেটা ঠিক করবেন কোচ। এটা কোচের সিদ্ধান্ত। তিনি আমাকে যে ভাবে খেলাবেন, সে ভাবেই খেলব। আমি ডুরান্ড কাপের সব ম্যাচ দেখেছি। ডার্বিও দেখেছি। অবশ্যই কলকাতা ডার্বি খেলতে চাই।’ সাও পাওলো লিগে নেইমারের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা নিয়েও উচ্ছ্বসিত রবসন। তিনি বলেছেন, ‘কখনও ভাবিনি নেমারের সঙ্গে একই ম্যাচে খেলার সুযোগ পাব। নেমার অন্য মাপের ফুটবলার। দুরন্ত।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর