সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ
শিরোপা জিততেই শনিবার শ্রীলংকা যাচ্ছে বাংলাদেশ
সাফ অনুর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে আগামীকাল শনিবার শ্রীলংকায় যাচ্ছে বাংলাদেশের কিশোররা।
কখনও সাফের শিরোপার মঞ্চে ট্রফি জিততে না পারার আক্ষেপ, কখনও আবার এএফসির আসরে অল্পের জন্য কোয়ালিফাই করতে না পারার হতাশায় ভুগেছেন অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। তাই এবার সেই আক্ষেপ ঘুচাতে চান তিনি। সাফ অনুর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে আগামীকাল শনিবার শ্রীলংকায় যাচ্ছে বাংলাদেশের কিশোররা।
২০২২ সালে বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়ার পর অধিনায়ক হিসাবে দুঃখ তাড়া করে বেড়িয়েছে ফয়সালকে। আরেকটি সাফের মঞ্চে রওনা হওয়ার আগে এবার সেই দুঃখ ঘোচানোর আশা এই মিডফিল্ডারের। শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নাজমুলের কথা, ‘আমার জন্য এটা দুঃখজনক যে বারাবর কাছাকাছি গিয়েও ফাইনালে জিততে পারছি না। এটা ভাবলে আমারও খারাপ লাগে। আর এটা আমার শেষ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ, চেষ্টা করব এবার শিরোপা নিয়ে ফিরতে।’ সাফে বাংলাদেশ খেলবে এ-গ্রুপে। স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়া গ্রুপের অন্য প্রতিপক্ষ নেপাল। লাল সবুজের প্রথম ম্যাচ ১৮ সেপ্টেম্বর, নেপালের বিপক্ষে। ২১ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। বি-গ্রুপে অবশ্য চার দল- ভুটান, ভারত, পাকিস্তান ও মালদ্বীপ।
এই টুর্নামেন্টে শিরোপা জেতার লক্ষ্যে গত দেড় মাস যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ফুটবলাররা। দলের কোচ গোলাম রব্বানী বলেন, ‘আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করছে এবং তাদের মধ্যে জেতার ক্ষুধা দেখতে পাচ্ছি।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: