এশিয়া সফরের ব্রাজিল দলে ভিনিসিয়ুস ও রদ্রিগো, নেই আলিসন
দুটি প্রীতি ম্যাচ খেলতে এই মাসের আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে এশিয়া সফরে করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল
২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ব্যস্ততা শেষ। এখন বিশ্বকাপের মূল পর্বের জন্য প্রস্তুত হওয়ার পালা। সেই লক্ষ্যে দুটি প্রীতি ম্যাচ খেলতে এই মাসের আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে এশিয়া সফরে করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ১০ অক্টোবর তারা খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। এর তিন দিন পর জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বুধবার (১ অক্টোবর) ম্যাচ দুটির জন্য দল ঘোষণা করেছেন ব্রাজির কোচ কার্লো আনচেলত্তি। ২৬ সদস্যের স্কোয়াডে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। লিভারপুলের সবশেষ ম্যাচে চোট পাওয়া প্রথম পছন্দের গোলরক্ষক আলিসন নেই দলে। চোটের জন্য নেই বার্সেলোনার তারকা ফরোয়ার্ড রাফিনিয়াও। নতুন করে চোট পাওয়ায় আরও দীর্ঘ হচ্ছে নেইমারের অপেক্ষা।
রিয়াল মাদ্রিদ অধ্যায় চুকিয়ে গত মে মাসে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন আনচেলত্তি। তার কোচিংয়ে প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পরের দুটি ম্যাচে জয় পায় সেলেসাওরা। তবে সবশেষ ম্যাচে গত মাসে বলিভিয়ার মাঠে হেরে বসে দলটি। এবারের বিশ্বকাপ বাছাইয়ে পঞ্চম হয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
দক্ষিণ কোরিয়া ও জাপান ম্যাচের ব্রাজিল দল:
গোলরক্ষক: বেনেডিক্ট, এদেরসন, উগো সোসা
ডিফেন্ডার: কাইয়ো এনরিকে, কার্লোস আউগুস্তো, দগলাস সান্তোস, এদের মিলিতাও, ফাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালিয়াইস, বেরাল্দো, ভান্দেরসন, ওয়েজলি
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারাইস, কাসেমিরো, জোয়েলিন্তন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগো জেসুস, লুইস এনরিকে, মাথিউস কুনহা, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: