অনুশীলনে প্রাণবন্ত হামজা চৌধুরী
ইংল্যান্ড থেকে ১২-১৩ ঘণ্টার লম্বা ভ্রমণ। তবে এসব হামাজাকে ক্লান্তিতে ফেলার জন্য যথেষ্ট নয়। বিমানবন্দর থেকে হোটেলে গিয়ে লাঞ্চ সারলেন। কিছু সময় বিশ্রাম নিলেন। তারপর রওয়ানা হলেন ঢাকা জাতীয় স্টেডিয়ামে, বিকেলে যে অনুশীলন!
বেলা পাঁচটায় স্টেডিয়ামে প্রবেশ করতেই সমর্থকদের ভীড় দেখে মুচকি হাসি দিলেন হামজা। মাঠে তার সঙ্গে ছবি তুলতে হুমড়ি খেয়ে পড়েন ক’জন। এসব ভালই উপভোগ করেন ইংলিশ লিগে খেলা এই ফুটবলার। প্রায় দেড় ঘণ্টা স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অধীনে সতীর্থদের সঙ্গে মাঠে অনুশীলন করেন লন্ডন প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তিন অনুশীলন সেশনের একটি চলে গেল। বৃহস্পতিবার এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে আর দুটি সেশন বাকি থাকবে। আজ অনুশীলনে যোগ দেবেন কানাডার শমিত সোম। তাহলেই কাবরেরা ক্যাম্প শতভাগ পূর্ণতা পাবে।
মূল মাঠে ঢোকার পথে স্টেডিয়ামে থাকা কয়েকজন মাঠকর্মী আসলেন হামজাকে দেখে সেলফি তুলতে। সেই আবদার মেটানোর পর তাদের বুকে জড়িয়ে নিলেনন হামজা। দৃশ্য ধারণে ধারনে তখন ব্যস্ত প্রায় শতাধিক সাংবাদিক। এরপর আবদার মেটালেন উপস্থিত ফটো সাংবাদিকদেরও।
জামাল ভূইয়া, মেহেদী হাসান মিঠু ও রাকিব হোসেনকে নিয়ে হামজা পোজ দিলেন ছবির জন্য। শেষে বাংলাদেশের 'নম্বর এইট' খুনসুটিতে মেতে উঠলেন সতীর্থদের সঙ্গে। তা করতে করতেই যোগ দিলেন কোচ হাভিয়ের কাবরেরার অনুশীলনে; হয়ে গেলেন দলের মধ্যমনি।
এর আগে সোমবার সকালে চতুর্থবারের মতো ঢাকায় পা রাখেন হাজমা চৌধুরী। লন্ডন থেকে বিমানযোগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি যোগ দিয়েছেন টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে। নিজের ক্লাব লেস্টার সিটিতে হামজার ম্যাচ ছিল শনিবার। সোয়ানসি সিটির বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে মাঠে নামা হয়নি বাংলাদেশি ডিফেন্ডারের। গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে এই মাঠে সর্বশেষ পা পড়েছিল হামজার। চার মাস পর আরেকটি মিশনের প্রস্তুতি হিসাবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে পা পড়লো হামজার। ক্লোজ ডোর অনুশীলন। গণমাধ্যমকর্মীরা স্টেডিয়াম ত্যাগেরই পরই পুরোদমে অনুশীলন শুরু করেন কাবররা।
পরবর্তীতে এক ভিডিও বার্তায় হংকং ম্যাচের আগে সবার কাছ থেকে সমর্থন চেয়েছেন। ভিডিওবার্তায় হামজা বলেন, ‘আসসালামু আলাইকুম। ইনশাহআল্লাহ আমরা সফল হবো। বৃহস্পতিবার হংকংয়ের সঙ্গে খেলতে নামবো। ইনশাহআল্লাহ সবাই আমাদের সমর্থন দেবেন।’
হামজা আসলেও কানাডার প্রবাসী শমিত সোমকে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা পাবেন আজ। কানাডা প্রিমিয়ার লিগে শমিতের ক্লাব কাভালরি এফসির খেলা ছিল। ওই ম্যাচ খেলেই তিনি বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছেন।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে হোম ম্যাচ খেলেই বাংলাদেশ দল রওনা দেবে হংকংয়ের উদ্দেশে। দুই দলের মধ্যকার ফিরতি ম্যাচটি হবে হংকংয়ে ১৪ অক্টোবর।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: