আজ রাতে হংকংয়ের বিপক্ষে বাঁচামরার লড়াই বাংলাদেশের
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে রাতে হংকংয়ের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ। যে ম্যাচটি আবার বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, বাঁচামরার লড়াই। এই ম্যাচে জয় দরকার আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপের খেলার সম্ভাবনা তৈরি করতে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত আটটায়।
বুধবার সন্ধ্যায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে দুই দলই নিয়েছে শেষ প্রস্ততি। আগের রাতে ঢাকায় এসেছেন কানাডা প্রবাসী শামিত সোম। বুধবার তাকে পেয়ে পুরো দল নিয়ে অন্তত একটি সেশন অনুশীলন করতে পেরেছেন কোচ হাভিয়ের কাবরেরা।
অনুশীলনে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ক্যাবরেরা বলেছেন, তিনি এবং তার দলের সবাই জানেন কি করতে হবে। ক্যাম্প শুরুর পরই অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছিলেন, ‘হংকংয়ের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য ডু অর ডাই।’
এবার ক্যাবরেরা বলেছেন, ‘আমরা ৯ দিন ধরে অনুশীলন করছি। প্রস্তুতি খুবই ভালো হয়েছে। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলা।’
আজ জিতলে বাংলাদেশের প্রথম পূর্ণ পয়েন্ট পাওয়া হবে এই দেশটির বিপক্ষে। যে তিন পয়েন্ট বাংলাদেশকে টিকিয়ে রাখবে এশিয়ান কাপ বাছাই থেকে চূড়ান্ত পর্বে ওঠার কিঞ্চিত সম্ভাবনায়।
হংকং দুই ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছে। বাংলাদেশের অর্জন দুই ম্যাচে ১ পয়েন্ট। ঢাকা থেকে ৩ পয়েন্ট নিয়ে যেতে পারলে হংকং হবে সৌদি আরবের টিকিট পাওয়ার অন্যতম দাবিদার। শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকা দলটি সেই সুযোগ হারাতে চাইবে না। বাংলাদেশ জিতলে টিকে থাকবে লড়াইয়ে, হারলে বাকি তিন ম্যাচ হয়ে যাবে শুধুই আনুষ্ঠানিকতার।
চোখ রাখতে পারেন দুই দলের বিদেশিদের উপর
দেশিদের ছাপিয়ে দুই দেশের লড়াইটা বিদেশিরও। ইংলিশ প্রিমিয়ার লীগের দল লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরীর লাল-সবুজের জার্সিতে এটি চতুর্থ ম্যাচ। দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন শমিত সোম। হংকংয়ের বিপক্ষে এ ম্যাচে আরেক প্রবাসীর অভিষেক হওয়ার সম্ভাবনা আছে। তিনি জায়ান আহমেদ। যুক্তরাষ্ট্র প্রবাসী এই ডিফেন্ডার বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের খেলে সবার নজর কেড়ে জায়গা করে নিয়েছেন জাতীয় দলের ৩০ জনের তালিকায়। অনেকেরই ধারণা তিনি চূড়ান্ত দলেও টিকে যাবেন। ইতালির ওলবিয়া কালসিও’র ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম এরই মধ্যে জাতীয় দলে খেলেছেন ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে।
হামজা, শমিত, ফাহমিদুল, জামাল, জায়ান, তারিকদের মতো হংকং দলেও বেশকিছু প্রবাসী ফুটবলার আছেন। যাদের মধ্যে অন্তত ৫ ফুটবলার রয়েছেন যাঁদের জন্ম ব্রাজিলে। এর মধ্যে আলোচিত নাম দুদু। একসময় তাঁর নেতৃত্বে বয়সভিত্তিক অ-১৭ দলে খেলেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। বলিভিয়া, জার্মানি, নিউজিল্যান্ড, ক্যামেরুন, জাপানি বংশোদ্ভূত ফুটবলারদেরও রেখেছে হংকং। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফুটবলারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ফের্নান্দো অগুস্তো। ২০২২ সাল থেকে হংকংয়ের জার্সিতে খেলছেন তিনি। ২৩ ম্যাচে খেলে একটি গোলও করেছেন এই লেফটব্যাক। বাংলাদেশের জন্য আতঙ্কের নাম হতে পারেন এভেরতন কামারগো। ২০২৩ সালে অভিষেক হওয়ার পর ১৯ ম্যাচে ১০ গোল করেছেন এই উইঙ্গার। গত সেপ্টেম্বরে ফিজির বিপক্ষেও পেয়েছেন গোলের দেখা।
দেশে নিন পরিসংখ্যানে বাংলাদেশ ও হংকং
মুখোমুখি লড়াই
ম্যাচ বাংলাদেশ জয় হংকং জয় ড্র
৪ ০ ৩ ১
- ১৯৭৫ সালের ১০ আগস্ট কুয়ালালামপুরে অনুষ্ঠিত মারদেকার কাপে হংকং ৯-১ গোলে হারায় বাংলাদেশকে। একমাত্র গোলটি করেন কাজী সালাউদ্দিন।
- ২০০৩ সালের ২৭ মার্চ এশিয়ান কাপের বাছাইপর্বে ২-২ ড্র করেছিল দু'দল। হংকংয়ে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে গোল করেছিলেন মনোয়ার হোসেন ও ফিরোজ মাহমুদ টিটো।
- ২০০৬ সালের ১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম পর্বের ম্যাচটি ছিল ঢাকায়। বাংলাদেশকে ১-০ গোলে হারায় হংকং। সে বছর ১৫ নভেম্বর ফিরতি দেখায় বাংলাদেশের হারে ২-০ গোলে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: