[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ইউরোপা লিগের ম্যাচে ইসরায়েলি সমর্থক নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫ ০৯:১০ এএম

এবার ইউরোপা লিগের একটি ম্যাচেও নিষিদ্ধ হলো ইসরায়েলের দর্শকরা।

 

আন্তর্জাতিক বিরতিতে ইতালি ও নরওয়ের বিপক্ষে ম্যাচে স্বাগতিক দর্শকদের রোষাণলে পড়ে ইসারায়েল সমর্থকরা। ইন্দোনেশিয়া বিশ্ব আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে তো দখলদার দেশটি সমর্থকদের ভিসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আয়োজক দেশ। এবার ইউরোপা লিগের একটি ম্যাচেও নিষিদ্ধ হলো ইসরায়েলের দর্শকরা।

আগামী মাসে ইউরোপা লিগে অ্যাস্টন ভিলার মাঠ ভিলা পার্কে খেলবে ইসরায়েলের ক্লাব মাকাবি তেল আবিব। সেফটি অ্যাডভাইজরি গ্রুপ (এসএজি) অ্যাস্টন ভিলাকে জানিয়েছে, ম্যাচটি ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত হওয়ায় কোনো সফরকারী দলের সমর্থককে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

অ্যাস্টন ভিলাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, আগামী ৬ নভেম্বরের ইউরোপা লিগের হোম ম্যাচে কোনো প্রতিপক্ষ সমর্থক উপস্থিত থাকতে পারবে না। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি এক বিবৃতিতে জানায়, ‘অ্যাস্টন ভিলা নিশ্চিত করছে যে, সেফটি অ্যাডভাইজরি গ্রুপের নির্দেশ অনুসারে মাকাবি তেল আবিবের কোনো সমর্থক ভিলা পার্কে প্রবেশ করতে পারবে না।’

যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ বলেছে, ‘বর্তমান গোয়েন্দা তথ্য ও অতীত ঘটনার আলোকে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে ২০২৪ সালে ইউরোপা লিগে আয়াক্স ও মাকাবি তেল আবিবের ম্যাচ চলাকালীন আমস্টারডামে সংঘটিত সহিংসতা ও ঘৃণাজনিত অপরাধের ঘটনা। সেই ম্যাচ ঘিরে দাঙ্গার পর ডাচ পুলিশ ৬২ জনকে গ্রেপ্তার করেছিল।

এই সিদ্ধান্তের সমালোচনা করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টার্মার। অবশ্য প্রধানমন্ত্রী সমালোচনা করলেও ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ তাদের সিদ্ধান্তে অনড় আছে। এ বিষয়ে আর কোনো মন্তব্য না করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

 

পুলিশের এক মুখপাত্র বলেন, ‘আমরা ন্যায়সংগত ও নিরপেক্ষ আইন প্রয়োগে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে জনগণের প্রতিবাদের অধিকার ও জননিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বের মধ্যে ভারসাম্য রাখতে হয়। বিস্তারিত মূল্যায়নের পর আমরা অ্যাস্টন ভিলা ও মাকাবি তেল আবিবের মধ্যকার আসন্ন ম্যাচটিকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে শ্রেণিবদ্ধ করেছি।’

ইউরোপা লিগে ২০২৫-২৬ মৌসুমে দুই ম্যাচের দু’টিতেই জয় পেয়েছে অ্যাস্টন ভিলা। ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে এমিলিয়ানো মার্টিনেজের ক্লাব।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর