ফেডারেশন কাপে আবাহনীর জয়, ব্রাদার্সের ড্র
শুক্রবার এ- গ্রুপের প্রথম ম্যাচে তারা ৪-২ গোলে হারায় ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে। দিনের আরেক ম্যাচে গোলশূণ্য ড্র করেছে রহমতগঞ্জ ও ব্রাদার্স।
ফুটবলের নতুন মৌসুমে ফুটবল লিগে দুই ম্যাচ খেললেও জয়ের দেখা মিলছিল না ঐতিহ্যবাহী আবাহনী ক্লাবে। অবশেষে সেই জয় তারা পেল ফেডারেশন কাপে। শুক্রবার এ- গ্রুপের প্রথম ম্যাচে তারা ৪-২ গোলে হারায় ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে। দিনের আরেক ম্যাচে গোলশূণ্য ড্র করেছে রহমতগঞ্জ ও ব্রাদার্স।
কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের ছয় মিনিটে পেনাল্টি পায় আবাহনী। সাদা কালো শিবির থেকে আকাশী হলুদ শিবিরে আসা মালির সুলেমান দিয়াবাতে গোল করে দলকে এগিয়ে নেন। কিংস থেকে আবাহনীতে আসা শেখ মোরসালিন ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। দুই মিনিট পর আরেকটি পেনাল্টি পায় আবাহনী। এবারও পেনাল্টি থেকে গোল করেন দিয়াবাতে।
দ্বিতীয়ার্ধের ১৬ মিনিটে শান্ত টুডুর গোলে ফকিরেরপুল ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। ৬৩ মিনিটে শেখ মোরসালিন নিজের জোড়া গোল করলে স্কোরলাইন ৪-১ হয়। ফকিরেরপুলের রিয়াদ ৬৯ মিনিটে গোল করলে ফকিরেরপুলের হারের ব্যবধান কমে ৪-২ হয়। এদিকে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ব্রাদার্স লিগে গত রাউন্ডে আবাহনীকে ২-১ গোলে হারিয়েছিল। ফেডারেশন কাপে তারা পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে।
প্রিমিয়ার লিগের দশ দল ফেডারেশন কাপে দুই গ্রুপে খেলছে। আজ ছিল এ গ্রুপের দুই ম্যাচ। এ গ্রুপের অন্য দলটি হচ্ছে পিডব্লিউডি। ফেডারেশন কাপে আগের রাউন্ডে বি গ্রুপের দুই ম্যাচ হয়েছিল। ফেডারেশন কাপের পরবর্তী রাউন্ডের খেলা ২ ডিসেম্বর। বসুন্ধরা কিংসের এএফসি কাপ, জাতীয় দলের নভেম্বর উইন্ডোর জন্য লিগ ও ফেডারেশন কাপের বিরতি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: