[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

পিএসজিকে হারিয়ে বায়ার্ন মিউনিখের টানা ১৬তম জয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫ ১০:১১ এএম

বায়ার্ন মিউনিখকে থামানোর চ্যালেঞ্জে নেমেছিল চ্যাম্পিয়নস লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। তবে এই যাত্রায় ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ২-১ গোলে পরাজিত হতে হলো লুইস এনরিকের দলকে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে এই জয়ের মাধ্যমে বায়ার্ন মিউনিখ চলতি মৌসুমে (সব প্রতিযোগিতা মিলিয়ে) টানা ১৬তম জয় তুলে নিল। বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও ভাগ্য সহায় না হওয়ায় এই হারে পিএসজি পয়েন্ট টেবিলে তিনে নেমে গেছে এবং শীর্ষস্থান দখল করেছে জার্মান জায়ান্টরা।


ম্যাচের মাত্র চার মিনিটের মাথায় গোল হজম করে বসে পিএসজি। মাইকেল ওলিসের শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও রিবাউন্ডে বল জালে পাঠান লুইস দিয়াজ। ২১তম মিনিটে ওসমান দেম্বেলের গোল ভিএআরে অফসাইড হওয়ায় সমতায় ফেরা হয়নি পিএসজির। চার মিনিট পরই চোটের কারণে দেম্বেলে মাঠ ছাড়েন, তার বদলে মাঠে নামেন লি কাং-ইন।

৩১তম মিনিটে মার্কিনিয়োসের ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজ, তাতে লিড দ্বিগুণ করে বাভারিয়ানরা। প্রথমার্ধের যোগ করা সময়ে আশরাফ হাকিমিকে কড়া ট্যাকল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যাচে বায়ার্নের হয়ে দুই গোল করা দিয়াজ, ফলে ১০ জনের দলে পরিণত হয় বায়ার্ন।

দ্বিতীয়ার্ধে ১০ জনের বায়ার্নের বিপক্ষে আক্রমণের ধার বাড়ায় পিএসজি। শেষ পর্যন্ত ৭৪তম মিনিটে লি কাং-ইনের অ্যাসিস্টে গোল করে ব্যবধান কমান বদলি খেলোয়াড় জোয়াও নেভেস। ম্যাচের শেষ মিনিট পর্যন্ত পিএসজি আক্রমণ চালালেও ২-১ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় এনরিকের শিষ্যদের।

ম্যাচে পিএসজি ৭১ শতাংশ বল দখলে রেখে ২৫টি শট নিলেও, বায়ার্ন ৯ শটের ৫টি লক্ষ্যে রেখে জয় নিশ্চিত করে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর