[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

মেসির সম্মানে ভাস্কর্য হবে ক্যাম্প ন্যুতে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫ ১৪:১১ পিএম

সন্দেহাতীতভাবে বার্সেলোনার ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসি। স্প্যানিশ ক্লাবটির হয়ে কতশত স্বরণীয় মুহূর্তের জন্ম দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা সে হিসেব করে কূল পাওয়া যাবে না। নিজেদের ইতিহাসের সেরা ফুটবলারকে চিরস্বরনীয় করে রাখতে ভাস্কর্য স্থাপন করবে বার্সা।

সম্প্রতি কাউকে ঘুণাক্ষরেও টের পেতে না দিয়ে ক্যাম্প ন্যুতে ঘরে যান মেসি। সামাজিক মাধ্যমে এক পোস্টে কোনো একদিন সাবেক ক্লাবে ফেরারও বার্তা দেন ইন্টার মায়ামির মহাতারকা। তবে আপাতত মেসির ফেরা অবাস্তাব বলেন বার্সেলোনার সভাপতি জোয়ান লাপার্তা। অবশ্য বার্সা কিংবদন্তিকে ক্যাম্প ন্যুতে ইতিহাসের সেরা শ্রদ্ধা জানানোর পরিকল্পনার কথা বলেন তিনি।

বার্সার প্রধান স্টেডিয়াম ক্যাম্প ন্যু’এর সংস্কার কাজ প্রায়ই শেষ হয়ে এসেছে। বার্সেলোনা সভাপতি নিশ্চিত করেছেন ক্যাম্প ন্যু বাইরে লিওনেল মেসির একটি ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা আছে। লাপার্তা বলেন, ‘আমরা সকল কিউল (বার্সা সমর্থক) চাই, লিও মেসির একটি ভাস্কর্য স্পোটিফাই ক্যাম্প ন্যুতে থাকুক। আমরা এর ওপর কাজ করছি, এবং যদি মেসির পরিবার একমত হয়, ডিজাইন তৈরি হলে তাদের সঙ্গে আলোচনা করা হবে।’

লাপার্তা আরও যোগ করেন, ‘মেসি সবসময় বার্সার অংশ হয়ে থাকবেন। তিনি জানেন আমাদের দরজা সবসময় তার জন্য খোলা। আমরা তার প্রতি পূর্ণ সম্মান রাখি। বার্সার থেকে সেরা শ্রদ্ধা পাওয়ার যোগ্য মেসি।’

ক্যাম্প ন্যু স্টেডিয়ামের বাইরে ক্লাবটির কিংবদন্তি জোয়ান ক্রুইফ ও লাসজলো কুবালার ভাস্কর্য আছে। তাদের মতো মেসিকেও কাতালান ক্লাবটি চিরস্বরণীয় করে রাখতে প্রতিমূর্তি তৈরির করবে বলে জানান বার্সা সভাপতি, ‘মেসির স্পোটিফাই ক্যাম্প ন্যুতে একটি ভাস্কর্য থাকা উচিত, ঠিক ক্রুইফ এবং কুবালার মতো। তিনি এমন একজন আইকনিক খেলোয়াড়, যার ছাপ বার্সার হৃদয়ে চিরঅম্লান থাকবে।’

২০২১ সালে হঠাৎ বার্সেলোনা ছাড়তে হয় মেসিকে। মাত্র ১৩ বছর বয়সে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির একাডেমিতে যোগ দেন তিনি। ক্লাবটিতে ২১ বছরে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন এবং ১০টি লা লিগা শিরোপা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এবং তিনটি ক্লাব বিশ্বকাপ জিতেছেন ৩৮ বছর বয়সী ফুটবলার।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর