ভারতকে হারিয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশ
বুধবার নতুন র্যাংকিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৮০ নম্বরে। যা আগে ছিল ১৮৩তম স্থানে। ১৭.১৩ রেটিং পয়েন্ট বেড়েছে হামজাদের।
এএফসি এশিয়ান বাছাই পর্বে ২২ বছর পর ভারতকে হারিয়েছে বাংলাদেশ। সুখস্মৃতি না মুছতেই সুসংবাদ পেল লাল সবুজের ফুটবল। ফিফা র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছেন হামজারা। বুধবার নতুন র্যাংকিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৮০ নম্বরে। যা আগে ছিল ১৮৩তম স্থানে। ১৭.১৩ রেটিং পয়েন্ট বেড়েছে হামজাদের।
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। বিশেষ করে ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী, কানাডা লিগে খেলা শমিত সোমরা জাতীয় দলে যোগ দেওয়ায় খুব একটা খারাপ হচ্ছে না বাংলাদেশের ফলাফল। ক’দিন আগে প্রীতি ম্যাচে নেপালের সঙ্গে জিততে জিততে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। ওই ম্যাচটি জিতলে হয়তো র্যাংকিংয়ে আরও এগিয়ে যেতে পারত লাল সবুজরা।
তবে মঙ্গলবার ভারতকে হারানোটাই র্যাংকিংয়ে বেশ প্রভাব পড়েছে। বাংলাদেশের কাছে হেরে ছয় ধাপ নেমে ১৪২তম স্থানে ভারত। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে ভারতের পর মালদ্বীপই (১৭৩) এগিয়ে রয়েছে বাংলাদেশের চেয়ে। এছাড়া নেপাল ১৮২, ভুটান ১৯২, শ্রীলংকা ১৯৪ ও পাকিস্তান ১৯৯তম স্থানে রয়েছে।
২০১৬ সালের মে মাসে বাংলাদেশের র্যাংকিং ছিল ১৭৮। এরপর জুন মাসে হয় ১৮১। এরপর নামতে নামতে ১৯৭ পর্যন্ত হয়েছিল। মাঝে মধ্যে কমলেও গত কয়েক বছর ১৮৩-১৮৭ পর্যন্তই ঘুরপাক খাচ্ছিল বাংলাদেশ। নয় বছর পর ১৮০ স্পর্শ করল তারা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: