[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

অ্যানফিল্ডে লিভারপুলকে গুঁড়িয়ে দিলো পিএসভি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫ ০৮:১১ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগের সবশেষ ম্যাচেই নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে বিধ্বস্ত হয়েছিল লিভারপুল। সেই হারের রেশ না কাটতেই এবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে ভরাডুবি হলো অলরেডসদের। উজ্জীবিত পারফরম্যান্সে আর্নে স্লটের দলকে তাদের মাঠেই গুঁড়িয়ে দিল পিএসভি আইন্দহোভেন।

বুধবার (২৬ নভেম্বর) অ্যানফিল্ডে রাতে পিএসভির কাছে ৪-১ গোলে হেরেছে লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১২ ম্যাচের ৯টিতেই পরাজয়ের তেতো স্বাদ পেল ইংলিশ চ্যাম্পিয়নরা। ঘরের মাঠেই গত শনিবার লিগ ম্যাচে নটিংহ্যামের কাছে ৩-০ গোলে হেরেছিল তারা।

লিভারপুলের ভুলে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পিএসভি। ষষ্ঠ মিনিটে ইভান পেরিসিচের সফল স্পট কিকে এগিয়ে যায় সফরকারীরা। ডি-বক্সে লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের হাতে বল লাগলে পেনাল্টির সংকেত দেন রেফারি। সমতায় ফিরতেও বেশি সময় নেয়নি স্বাগতিকরা।

ষোড়শ মিনিটে বক্সের ভেতর থেকে কোডি হাকপোর শট পিএসভির গোলরক্ষক ঠেকানোর পর ফিরতি শটে লিভারপুলকে সমতায় ফেরান দমিনিক সোবোসলাই। তাতে ১-১ এ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। তবে দ্বিতীয়ার্ধে একের পর এক গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ে লিভারপুল।

৫৬তম মিনিটে গাস তিলের গোলে আবারও লিড নেয় সফরকারীরা। আর ৭৩তম মিনিটে ও যোগ করা সময়ে দুই গোল করে লিভারপুল শিবিরে শেষ পেরেক ঠুকে দেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড সোহেইব দ্রিউয়েশ।

আসরে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া লিভারপুল পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে। সমান ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে পিএসভি। আর ৫ ম্যাচে অপরাজিত থাকা আর্সেনাল ১৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর