[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে এএফসি এশিয়ান কাপের মূলপর্বে ভারতের যুবারা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫ ০৮:১২ এএম

ইরানকে ২-১ গোলে হারিয়ে এএফসি এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিল ভারতের অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।

সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলিরা পারেননি। নতুন কোচ খালিদ জামিলের হাত ধরেও পাল্টায়নি ভাগ্য। ফিফা র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলের কাছে হার কিংবা সহজ ম্যাচেও পয়েন্ট হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বে যেতে পারেনি ভারতীয় ফুটবল দল। কিন্তু সিনিয়ররা যা পারেননি, সেটাই করে দেখাল জুনিয়ররা। ২০২৬ সালের এএফসি এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিল ভারতের অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। মাস্ট উইন ম্যাচে এশিয়ান ফুটবলের অন্যতম শক্তিশালী দল ইরানকে ২-১ গোলে হারাল বিবিয়ানো ফার্নান্দেসের ছেলেরা। জুনিয়র দলের এই ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত ভারতীয় ফুটবলপ্রেমীরা।

গ্রুপ পর্বে প্রথম তিন ম্যাচ খেলে চার পয়েন্ট পেয়েছিল ভারত। প্যালেস্তাইনের বিরুদ্ধে ১-১ ড্র এবং চাইনিজ় তাইপেইকে ৩-১ গোলে হারালেও লেবাননের বিরুদ্ধে ০-২ হেরে যায় ভারতীয় দল। অন্য দিকে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে ছিল ইরান। তাই মূলপর্বে যেতে হলে ইরানকে হারাতেই হবে, এই সহজ সমীকরণটা জেনেই নেমেছিল ভারতের তরুণ তুর্কিরা।


আমেদাবাদের ইকেএ এরিনায় আয়োজিত ম্যাচে শুরতেই ধাক্কা খায় ভারত। ১৯ মিনিটের মাথায় গোল করে ইরানকে লিড এনে দেয় আমিরেজ়া ভালিপুর। তবে হাল ছাড়েনি ভারতীয় দল। একের পর এক আক্রমণ শানাতে থাকে তারা। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে ভারতকে সমতায় ফেরায় ক্যাপ্টেন দাল্লালমুওন গাংতে।


দ্বিতীয়ার্ধে চমক দেন গুনলেইবা ওয়াংহেইরাকপাম। ম্যাচের শুরু থেকেই ভালো খেলছিল সে। ৫২ মিনিটে তার নজরকাড়া গোলেই ম্যাচে লিড নেয় ভারত। ২-১ গোলে এগিয়ে যাওয়ার পরে ডিফেন্স ও মাঝমাঠ মজবুত করার দিকে জোর দেয় টিম ইন্ডিয়া। ইরান একের পর এক আক্রমণ শানালেও গোল শোধ করতে পারেনি। বেশ কয়েকটি দারুণ সেভ করে ভারতকে বাঁচায় গোলকিপার রাজরুপ সরকার।

শেষ মিনিট পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যায় কোরৌ, গাংতেরা। শেষ পর্যন্ত ২-১ গোলেই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে জায়গা করে নেয় ভারত।

২০২৬ সালে সৌদি আরবে বসবে অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপের আসর। ২০২৩ সালের পরে এই প্রথম এশিয়ান কাপে খেলার সুযোগ পেল ভারত।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর