প্রথম জয়ে শীর্ষে উঠল ফর্টিস
বাংলাদেশ ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে এগিয়ে গিয়েও জিততে পারেনি ফর্টিস এফসি; ড্র করে ১-১ গোলে।
'বি' গ্রুপে পরের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সঙ্গে শেষ মুহুর্তের গোলে ড্র করে একই ব্যবধানে। অবশেষে তৃতীয় ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বড় জয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিল মাসুদ পারভেজ কায়সারের দল।
বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার ৪-০ গোলে জয় পেয়েছে ফর্টিস। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে মোহামেডানকে টপকে শীর্ষে উঠলো ফর্টিস। মোহামেডানের পয়েন্ট চার। সাদা-কালোরা ম্যাচ খেলেছে অবশ্য দুটি। এক ম্যাচে এক পয়েন্ট বসুন্ধরা কিংসের। আর টানা দ্বিতীয় হারে গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে আরামবাগ।
বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) মতো ফেডারেশন কাপেও নিজেদের মেলে ধরতে পারছে না আরামবাগ। ফেডারেশন কাপে এসেও ব্যর্থতার বৃত্তে বন্দি থাকলো দলটি।
এদিন আরামবাগের জালে ফর্টিসের গোল উৎসবের শুরু ২৬ মিনিটে। সতীর্থের ক্রস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের জোরাল শটে দলকে এগিয়ে নেন ফর্টিসের জুম্মন হোসেন।
৩৩ মিনিটে পা ওমার বাবুর সফল স্পট কিকে ব্যবধান হয় দ্বিগুণ। বক্সে গাম্বিয়ান এই ফরোয়ার্ড ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
৬৮ থেকে ৭৫, এই ৭ মিনিটের মধ্যে আরও দুই গোল হজম করে আরামবাগ। অনিয়েকাচি ওকাফোরের পর মোর্শেদ আলির লক্ষ্যভেদে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ ফুটবল লিগেও আলো ছড়ানো ফর্টিস।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: