[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রাজিলিয়ান ক্লাবের কোচের দায়িত্ব থেকে আনচেলত্তির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫ ২২:১২ পিএম

ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তির পুত্র ডেভিড আনচেলত্তি আর দেশটির ঐতিহ্যবাহী ক্লাব বোটাফোগোর দায়িত্বে থাকছেন না। মূলত নিজের টেকনিক্যাল কমিটির একজন সদস্যকে বরখাস্ত করার সিদ্ধান্ত মেনে নিতে না পেরেই রিও ডি জেনেইরোর এই ক্লাবের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।

বুধবার (১৭ ডিসেম্বর) এক বৈঠকের পর ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ডেভিডের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে। ২০২৬ মৌসুমে তাকে আর বোটাফোগোর ডাগআউটে দেখা যাবে না।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বোটাফোগো তাদের ফিজিক্যাল ট্রেনার লুকা গুয়েরাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।২০২৫ মৌসুমে ক্লাবটির ফুটবলারদের ঘনঘন পেশির ইনজুরিতে পড়াকে কেন্দ্র করে গুয়েরার প্রশিক্ষণ পদ্ধতি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। অভিযোগ ওঠে যে, ব্রাজিলের ব্যস্ত ফুটবল সূচির তুলনায় তার অনুশীলনের চাপ ছিল মাত্রাতিরিক্ত।

তবে ডেভিড আনচেলত্তি শুরু থেকেই তার কোচিং প্যানেলের এই সদস্যের সমর্থনে ছিলেন। ডেভিডের স্পষ্ট শর্ত ছিল—পুরো টেকনিক্যাল স্টাফকে বহাল রাখলেই তিনি দায়িত্ব চালিয়ে যাবেন। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ সেই দাবিতে রাজি না হওয়ায় তিনি পদত্যাগের পথ বেছে নেন।

বোটাফোগোর মাধ্যমেই ডেভিড আনচেলত্তি তার ক্যারিয়ারে প্রথমবারের মতো প্রধান কোচ হিসেবে পেশাদার যাত্রা শুরু করেছিলেন। তার অধীনে ৩২টি ম্যাচ খেলেছে ক্লাবটি, যার মধ্যে জয় এসেছে ১৪টিতে আর ড্র হয়েছে ১১টি ম্যাচ। তার যোগ দেয়ার আগেই ব্রাজিলিয়ান সেরি-আ লিগের মৌসুম শুরু হলেও বছর শেষে ৩৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে থেকে মিশন শেষ করেছে বোটাফোগো।

ইতালিয়ান এই কোচের বিদায়ে তার সহকারী লুইস তেভেনেত ও অ্যান্ড্রু ম্যাঙ্গানও ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এক বিবৃতিতে বোটাফোগো কর্তৃপক্ষ ডেভিড আনচেলত্তি ও তার দলের পেশাদারিত্বের প্রশংসা করে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে। একই সঙ্গে ক্লাবটি ইঙ্গিত দিয়েছে যে, খুব দ্রুতই তারা নতুন টেকনিক্যাল কমিটির নাম ঘোষণা করবে।

উল্লেখ্য, কার্লো আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ হিসেবে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ থাকলেও বড় সাফল্য পেলে ২০৩০ পর্যন্ত তার মেয়াদ বাড়ানোর গুঞ্জন রয়েছে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর