ইংলিশ প্রিমিয়ার লিগ
রোনালদোকে ছাড়িয়ে গেলেন হালান্ড
বল পায়ে আরও একবার জ্বলে উঠলেন আর্লিং হালান্ড। ওয়েস্টহ্যামের বিপক্ষে জোড়া গোল করে ম্যানচেস্টার সিটিকে বড় জয় এনে দেয়ার পথে ইংলিশ প্রিমিয়ার লিগে গোল সংখ্যায় পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেললেন এই নরওয়েজিয়ান তারকা।
শনিবার (২০ ডিসেম্বর) ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে ওয়েস্টহ্যামকে ৩-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। স্বাগতিক ম্যানচেস্টার সিটির হয়ে জোড়া গোল করেছেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড আর্লিং হালান্ড। বাকি গোলটি আসে ডাচ মিডফিল্ডার তিজান্নি রেইন্ডার্সের কাছ থেকে।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুই দফায় (২০০৩-২০০৯ ও ২০২১-২০২২) ২৩৬ ম্যাচে ১০৩ গোল করেছেন রোনালদো। তার চেয়ে ১২২ ম্যাচ কম খেলে অর্থাৎ ১১৪ ম্যাচেই ছাড়িয়ে গেলেন হালান্ড। চলতি মৌসুমে সব মিলিয়ে এই নরওয়েজিয়ান ফরোয়ার্ড ২৩ ম্যাচেই করলেন ২৫ গোল।
ইতিহাদে শুরু থেকেই ছিল সিটির দাপট। পঞ্চম মিনিটেই সিটিজেনদের এগিয়ে দেন হালান্ড। এই নিয়ে চলতি মৌসুমে দশমবার সিটিকে লিড এনে দিলেন এই নরওয়েজিয়ান। এই মৌসুমে আর কোনো খেলোয়াড়ই নিজের দলের হয়ে পাঁচবারের বেশি প্রথম গোল করতে পারেননি।
সিটির দ্বিতীয় গোলেও ছিল হালান্ডের ছোয়া। ৩৮ মিনিটে তার অ্যাসিস্টে ব্যবধান ২-০ করেন তিয়ানি রেইনডারস। তাতে জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে সিটির হয়ে তৃতীয় গোলটিও করেন হালান্ড।
এই জয়ে আর্সেনালকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। ১৭ ম্যাচে ১২ জয় ও ১ ড্রয়ে ৩৭ পয়েন্ট সিটির। এক ম্যাচ কম খেলে আর্সেনালের সংগ্রহ ৩৬ পয়েন্ট। রাতেই এভারটনের মাঠে জয় পেলে শীর্ষস্থান পুনরুদ্ধার করবে মিকেল আর্তেতার শিষ্যরা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: