দ্রুততম ‘সেঞ্চুরি’র রেকর্ড কেইনের
জার্মান বুন্দেসলিগায় একের পর এক রেকর্ড ভেঙ্গে চলেছেন হ্যারি কেইন। এ মাসের প্রথম সপ্তাহে সবচেয়ে কম ম্যাচে ১০টি হ্যাটট্রিক গড়ার অবিশ্বাস্য রেকর্ড গড়েন। রোববার রাতে বছরের শেষ ম্যাচে গোল করে দ্রুততম সময়ে গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে সেঞ্চুরির রেকর্ডটি নিজের নামে করলেন কেইন। এর আগে ১১৯ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন আরিয়েন রোবেন।
নতুন রেকর্ড গড়তে কেইন খেলেছেন ৭৮ ম্যাচ। তাঁর গোল সংখ্যা এখন ৮১টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৯টি। সব মিলিয়ে ১০০ গোলে অবদান রেখেছেন তিনি। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে কেইন লেখেন, ’দারুণ একটি বছরের শেষ। দলের অধিনায়ক হিসেবে মাঠে নামা এবং বুন্দেসলিগায় ১০০ গোলে অবদান রাখতে পেরে খুবই আনন্দিত।’
কেইনের রেকর্ডের রাতে হেইডেনহেইমকে ৪-০ গোলে হারায় বায়ার্ন। ১৫ ম্যাচে ১৩ জয় এবং দুই ড্র নিয়ে শীর্ষে মিউনিখের ক্লাবটি। দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে থেকে শীতকালীন বিরতিতে গেল ভিনসেন্ট কোম্পানির দল।
চোট ও অসুস্থতার কারণে একাধিক নিয়মিত খেলোয়াড়কে না পেয়েও ম্যাচে আধিপত্য ধরে রাখে বায়ার্ন। নিয়মিত অধিনায়ক ম্যানুয়াল নয়্যার চোটের কারণে না থাকায় দায়িত্ব পালন করেন কেইন। ম্যাচের যোগ করা সময়ে গোল করেন এই ইংলিশ স্ট্রাইকার। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে ৩০তম গোল ইংল্যান্ড অধিনায়কের।
প্রথমার্ধে জোসিপ স্তানিসিচ ও মাইকেল ওলিসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন। শেষ দিকে লুইস দিয়াজ ও কেইনের গোলে বড় জয় পায় ভিনসেন্ট কোম্পানির দল।
শীতকালীন বিরতির পর ৬ জানুয়ারি সালজবুর্গের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বায়ার্ন। এরপর ১১ জানুয়ারি বুন্দেসলিগায় ভলফসবুর্গের মুখোমুখি হবে বাভারিয়ানরা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: