সাগরের নির্জন দ্বীপে নতুন ঠিকানা রোনালদোর
সৌদি আরবের লোহিত সাগরের একটি নির্জন দ্বীপে নতুন ঠিকানা খুঁজে পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। এই দ্বীপে দুটি বিলাসবহুল ভিলা কিনেছেন পর্তুগিজ মহাতারকা।
রিজেনারেটিভ ট্যুরিজম প্রকল্প দ্য রেড সি ও আমালা–এর ডেভেলপার রেড সি গ্লোবাল (আরএসজি) জানিয়েছে, ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তাঁর জীবন সঙ্গী জর্জিনা রদ্রিগেজ এখন আনুষ্ঠানিকভাবে নুজুমা, এ রিটজ-কার্লটন রিজার্ভ রেসিডেন্স–এর বাড়ির মালিক। বিশ্বের সবচেয়ে বিলাসি দ্বীপভিত্তিক আবাসন প্রকল্পগুলোর একটি দ্য রেড সি রেসিডেন্সেস–এর অংশ এই আল্ট্রা-লাক্সারি ব্র্যান্ডের বাড়িগুলো।
রোনালদোর কেনা ভিলা রেড সি ইন্টারন্যাশনাল প্রকল্পের অংশ। ভিলাগুলো ব্যক্তিগত দ্বীপে গড়ে তোলা। মূল ভূখণ্ড থেকে দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। সেখানে যাতায়াতের একমাত্র উপায় নৌকা বা সি-প্লেন। সাদা বালুতে ঘেরা এই দ্বীপে মাত্র ১৯টি আল্ট্রা-প্রাইভেট ভিলা, চারপাশে স্বচ্ছ নীল জল—এই রিসোর্ট ও আবাসনগুলোতে বিশ্বমানের নকশা ও ব্যক্তিগত সেবার সঙ্গে মিলেছে চোখ জুড়ানো প্রাকৃতিক পরিবেশ।
২০২৩ সালে প্রথম রিসোর্ট চালু হওয়ার পর থেকেই রোনালদো ও জর্জিনা একাধিকবার রেড সি গন্তব্যে গিয়েছেন। স্থল ও জলভিত্তিক নানা অভিযানে অভিজ্ঞতা তাদের ছোট পরিবারকে মুগ্ধ করেছে। পাশাপাশি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যই সেখানে বাড়ি কেনার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে রোনালদোকে।
দারুণ এই দ্বীপে মুগ্ধ রোনালদো বলেন, ‘লোহিত সাগর সত্যিই এক অসাধারণ জায়গা।
যে মুহূর্তে আমরা প্রথম এখানে এসেছিলাম, জর্জিনা আর আমি দ্বীপটির সঙ্গে এবং এর প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে এক ধরনের টান অনুভব করেছি—এটি এমন একটি জায়গা যেখানে আমরা শান্তি খুঁজে পাই। এখন যেহেতু এখানে আমাদের নিজস্ব বাড়ি, আমরা চাইলে যেকোনো সময় পরিবারকে নিয়ে সম্পূর্ণ গোপনীয়তা ও প্রশান্তির মধ্যে মানসম্মত সময় কাটাতে পারি।’
রেড সি ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী জন পাগানো বলেন, রোনালদোর বিনিয়োগ এই গন্তব্যের আকর্ষণ প্রমাণ করে। এখানে বিলাসিতা, প্রকৃতি ও গোপনীয়তার সুন্দর সমন্বয় রয়েছে। সব স্থাপনা চলছে নবায়নযোগ্য জ্বালানিতে।
এখন পর্যন্ত এখানে নয়টি বিলাসবহুল হোটেল চালু হয়েছে। শুরা আইল্যান্ডে আরও ১১টি রিসোর্ট চালুর প্রস্তুতি চলছে। থাকবে গলফ কোর্স, রেস্তোরাঁ, শপিং ও সাংস্কৃতিক কেন্দ্র। রেড সি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রিয়াদ, জেদ্দা, দুবাই, দোহা ও মিলানে সরাসরি ফ্লাইট রয়েছে। তাই বিশ্ব তারকাদের জন্য এটি হয়ে উঠছে নিরাপদ ও নিরিবিলি অবকাশকেন্দ্র।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: