ব্রাইটনকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল আর্সেনাল
ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিয়ে ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের মধ্যে লড়াই এখন তুঙ্গে। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে নটিংহ্যামের বিপক্ষে সিটির জয়ের আধা ঘণ্টার ব্যবধানে মাঠে নেমেছিল গানাররা। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ২-১ ব্যবধানে হারিয়ে পেপ গার্দিওলার দলকে সরিয়ে আবারও লিগ টেবিলের চূড়ায় আরোহণ করল মিকেল আর্তেতার দল।
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় আর্সেনাল। চতুর্দশ মিনিটে লিড নেয় স্বাগতিকরা। ব্রাইটনের রক্ষণভাগের ভুলে বল পেয়ে বুকায়ো সাকা পাস দেন মার্টিন ওডেগোরকে। ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন আর্সেনাল অধিনায়ক। প্রথমার্ধের বিরতির ঠিক আগে ভিক্টর ইয়োকেরেশকে ফাউল করে হলুদ কার্ড দেখে পার পান ব্রাইটন গোলরক্ষক বার্ট ফেরব্রুগেন।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে (ম্যাচের ৫২তম মিনিট) ব্যবধান দ্বিগুণ হয় আর্সেনালের। ডেক্লান রাইসের নেয়া কর্নার কিক প্রতিহত করতে গিয়ে নিজেদের জালেই হেড করে বসেন ব্রাইটনের জর্জে। এই আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় গানাররা।
দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ব্রাইটন। ৬৪তম মিনিটে ইয়াসিন আইয়ারির শট পোস্টে লেগে ফিরে আসলে ফিরতি বলে লক্ষ্যভেদ করেন দিয়েগো গোমেস। ব্যবধান ২-১ এ নেমে আসায় ম্যাচে রোমাঞ্চ ফিরে আসে।
ম্যাচের ৭৬তম মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় সফরকারীরা, তবে ইয়ানকুবার বাঁ পায়ের জোরাল শট অসাধারণ দক্ষতায় এক হাত দিয়ে ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্তেতার শিষ্যরা।
এই জয়ের ফলে ১৮ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে ফিরল আর্সেনাল। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। গত আসরে ব্রাইটনের কাছে পয়েন্ট হারালেও এবার পূর্ণ ৩ পয়েন্ট আদায় করে শিরোপা দৌড়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিল উত্তর লন্ডনের ক্লাবটি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: