হ্যাটট্রিক দিয়েই গোলের যাত্রা শুরু গার্সিয়ার, বড় জয় রিয়ালের
ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদ শিবিরে দুশ্চিন্তার ছাপ ফেলেছিলেন ফর্মে থাকা তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে বছরের প্রথম ম্যাচে ফরাসি এই তারকার অভাব অনুভব করতে দেননি তরুণ তারকা গন্সালো গার্সিয়া। হ্যাটট্রিক করে রিয়াল বেতিসের বিপক্ষে রিয়ালকে ৫-১ গোলের জয় এনে দেন তিনি। রিয়ালের জার্সিতে এই প্রথম গোল পেলেন তিনি, আর সেটি শুরু হলো হ্যাটট্রিক দিয়েই। দলটির বাকি ২ গোল দেন দুই ডিফেন্ডার রাউল আসেন্সিও ও ফ্রান গার্সিয়া
রোববার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দারুণ এই জয়ে শীর্ষস্থানে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল। ১৯ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪৯।
একে তো এমবাপ্পের চোট, তার ওপরে রিয়ালের বিপক্ষে গত কয়েক বছরের খারাপ স্মৃতি, রিয়ালকে নিয়ে শঙ্কায়ই ছিলেন ভক্তরা। গত বছরের মার্চে সর্বশেষ মুখোমুখি লড়াইয়েই হেরেছিল তারা। দলটির বিপক্ষে সবশেষ পাঁচ মুখোমুখি লড়াইয়ে রিয়ালের জয় মাত্র একটি, বাকি তিনটি ড্র।
এদিন ২০ মিনিটে প্রথম গোল পায় রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়র ফাউল হলে ফ্রি কিক নেন রদ্রিগো, সেই শটেই হেড দিয়ে দলকে এগিয়ে নেন গন্সালো গার্সিয়া। প্রথমে এক গোলেই সন্তুষ্ট থাকতে হয় জাবি আলোনসোর শিষ্যদের।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন গন্সালো গার্সিয়া। ফেদেরিকো ভালভের্দের ক্রস ডি-বক্সের সামনে বুক দিয়ে নামিয়ে, ডান পায়ের দারুণ শটে গোলটি করেন ২১ বছর বয়সী এই তারকা। ৫৬তম মিনিটে দলের তৃতীয় গোল দেন অ্যাসেন্সিও। রিয়ালের জার্সিতে এটি প্রথম গোল তারও।
৬৬তম মিনিটে একটি গোল শোধ করে বেতিস। যদিও এরপরও লড়াই জমাতে পারেনি তারা। ৮২তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করে অনিশ্চয়তায় ইতি টানেন গন্সালো গার্সিয়া। ৮৮তম মিনিটে গন্সালো গার্সিয়ার বদলি নেমেই দলের পঞ্চম গোলটি করেন ফ্রান গার্সিয়া।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: