জোড়া গোলে উজ্জ্বল ঋতুপর্ণা, পুলিশকে হারাল রাজশাহী স্টার্স
আক্রমণ, প্রতি আক্রমণে শুরু হওয়া ম্যাচের ৪ মিনিটের (৮-১২) মধ্যে জোড়া গোল করে পুলিশের মনোবল ভেঙে দেন ঋতুপর্ণা চাকমা। প্রথমার্ধে এরপর আর কোনো গোল পায়নি রাজশাহী। তবে দ্বিতীয়ার্ধে আরও ৫ গোল হজম করে পুলিশ। ঋতুপর্ণার দারুণ পারফরম্যান্সে বড় জয়ই তুলে নিলো রাজশাহী স্টার্স।
নারী ফুটবল লিগের চতুর্থ রাউন্ডে শনিবার দিনের শেষ খেলায় পুলিশ এফসিকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে রাজশাহী স্টার্স। জোড়া গোলে ম্যাচসেরা হয়েছেন ঋতুপর্ণা।
একবার করে জালের দেখা পেয়েছেন নেপালের দিপা শাহী ও বিমলা, শাহেদা আক্তার রিপা এবং আলপি আক্তার।
এ নিয়ে চলতি লিগে টানা তিন ম্যাচ জিতে নিলো রাজশাহী স্টার্স। প্রতিযোগিতায় তিন ম্যাচে শতভাগ জয় আছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবেরও। তবে চার ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে বাংলাদেশ আর্মি স্পোর্টিং ক্লাব।
নারী লিগে প্রথমবার এসেই তারকাসমৃদ্ধ দল গড়েছে রাজশাহী। দলে আছেন ঋতুপর্ণা, আফঈদা খন্দকার, শিউলি আজিমদের মতো পরীক্ষীত ফুটবলাররা। পুলিশেও আছেন মোসাম্মত সাগরিকা, সুরমা জান্নাত এবং জাতীয় দলের বাইরে থাকা সানজিদা আক্তারের মতো তারকা ফুটবলার। তবে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি পুলিশের মেয়েরা।
চার ম্যাচ খেলে সমান দুটি করে জয়-পরাজয়ে ৬ পয়েন্ট পুলিশের।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: