[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশকে জেতালেন সাবিনা খাতুন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬ ১৬:০১ পিএম

আগের দিন ছেলেরা জিততে পারেনি। তবে সাফ ফুটসালে ঠিকই দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা খাতুন। সাফ চ্যাম্পিয়নশিপের দুই আসর জেতা অধিনায়কের ফুটসালের নেতৃত্বের শুরুটাও হল জয় দিয়ে। বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে নারী বিভাগের প্রথম ম্যাচে ভারতকে ৩- ১ গোলে হারিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের জয়ের অন্যতম কারিগর অধিনায়ক সাবিনা খাতুন। তার জোড়া গোলে বাংলাদেশ প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল। দুটি গোলের যোগানদাতাই ছিলেন কৃষ্ণা রাণী সরকার। ফুটসালে আক্রমণ ও রক্ষণ একসঙ্গে সামলাতে হয়। সাবিনা গোলের পাশাপাশি রক্ষণও সামলেছেন।

ধারাভাষ্যকার ম্যাচের ধারাভাষ্যের চেয়ে সাবিনার ক্যারিয়ার ও ফুটবলার হিসেবে গুণাগুণের বেশি বিবরণ দিয়েছেন। দ্বিতীয়ার্ধে ভারত খেলায় ফেরার সর্বাত্মক চেষ্টা করেছে। কয়েকটি ভালো সেভ দিয়েছেন গোলকিপার স্বপ্না রানী। ভারত গোল করে খেলায় ফিরতে না পারলেও বাংলাদেশ আরেকটি গোল করে।

মাতসুশিমা সুমাইয়া কাউন্টার অ্যাটাক থেকে গোল করে লিড ৩-০ করেন। ভারত কয়েক মিনিট পর এক গোল করলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয়। ২০১৮ সালে এই থাইল্যান্ডেই এশিয়ান ফুটসালের বাছাই খেলেছিল বাংলাদেশ নারী দল। সাত বছর পর আবার আন্তর্জাতিক ফুটসালে খেলার সুযোগ পেল। নিয়মিত ফুটবল থেকে সাবিনা, কৃষ্ণা, মাসুরা ও সুমাইয়াকে বাদ দিেেছন ব্রিটিশ কোচ পিটার বাটলার। বাধ্য হয়ে ফুটসাল খেললেও ইনডোর মাতাচ্ছেন তারা। ফুটসালেও নিজেদের যোগ্যতা ও অভিজ্ঞতার প্রমাণ দিলেন তারা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর