[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সাবিনাদের দ্বিতীয় জয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬ ১৮:০১ পিএম

সাফ ফুটসালে আগের দিন প্রথম জয় পেয়েছিল বাংলাদেশের ছেলেরা। সোমবার দ্বিতীয় জয় পেলেন সাবিনা খাতুনরা। থাইল্যান্ডের ব্যাংককে নানথাবুড়ি জিমন্যাশিয়ামে নেপালের বিপক্ষে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুন গোলের সূচনা করেন। এনিয়ে তিন ম্যাচে ৪ গোল করলেন তিনি। প্রথম ম্যাচে জোড়া এবং পরের দুই ম্যাচেও একটি করে গোল করেন।

কাল ম্যাচের দ্বিতীয় গোল করেন কৃষ্ণা রাণী সরকার। দারুণ দক্ষতায় বলের নিয়ন্ত্রণ নিয়ে দূর থেকে শটে তিনি নেপালের গোলকিপারকে পরাস্ত করেন। দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ অনেক আক্রমণ করে। নেপালের গোলকিপার বাংলাদেশের আক্রমণ সামলাতে ব্যতিব্যস্ত ছিলেন। লিপি আক্তারের নেওয়া জোরালো শট অবশ্য ঠেকাতে পারেননি। ফ্রি কিক থেকে সুমাইয়ার বাড়ানো বলে বক্সের বাইরে থেকে দারুণভাবে জোরালো শট নেন লিপি। পরে নেপালের আক্রমণ গোলকিপার ঝিলি দারুণ দক্ষতায় রুখে দেন।

এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারায়। পরের ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে। আজ তৃতীয় ম্যাচে নেপালকে হারিয়ে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে শিরোপার সম্ভাবনা প্রবল করল বাংলাদেশ। সাফ নারী ও পুরুষ ফুটসালে সাত দল অংশগ্রহণ করছে। ৬ ম্যাচ শেষে শীর্ষ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশ পুরুষ ফুটসাল দল তিন ম্যাচে চার পয়েন্ট পেয়েছে। আগামীকাল তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর