মার্চে ফিনালিসিমা ছাড়াও আরেকটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী জুনে মাঠে গড়াবে ফিফা ফুটবল বিশ্বকাপ। যেখানে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত আসরকে সামনে রেখে এখন অংশগ্রহণকারী দলগুলো প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে। এর মধ্যেই একটি শিরোপা লড়াইয়ে মাঠে নামবে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন।
আগামী ২৭ মার্চ কাতারের রাজধানী দোহার লুসাইল স্টেডিয়ামে ফিনালিসিমায় মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকা ও ইউরোপের চ্যাম্পিয়ন দুই দল। ফিনালিসিমা ঘিরে সপ্তাহজুড়ে অনুষ্ঠিত হবে ফুটবল ফেস্টিভাল। যেখানে ২৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে ৬ ম্যাচ। আর্জেন্টিনা ও স্পেন ছাড়াও মাঠে নামবে স্বাগতিক কাতার, মিশর, সৌদি আরব ও সার্বিয়া।
২০২২ সালে যে ভেন্যুতে ইতিহাস রচনা করেছিল আলবিসেলেস্তেরা, সেই লুসাইলেই ম্যাচ হওয়ায় বাড়তি রোমাঞ্চ কাজ করছে আকাশি-নীলদের মাঝে। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার সেই সুখস্মৃতি নিয়েই নামবে লিওনেল স্কালোনির দল। লিওনেল মেসি ও লামিন ইয়ামালের লড়াই মরুর উত্তাপ বাড়িয়ে দেবে আরও।
ইউরো চ্যাম্পিয়নদের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেই ম্যাচের পরপর লাকি ভেন্যুতে আরও একটি প্রীতি ম্যাচ খেলবেন মেসি-মার্তিনেজরা। ৩১ মার্চের সে ম্যাচটিতে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ স্বাগতিক কাতার। বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশন শুরুর আগে এটিকে শেষ দিকের গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচগুলোর একটি হিসেবে দেখছে ‘আলবিসেলেস্তেরা।
২০১৯ সালের পর কাতারের বিপক্ষে এটিই হবে তাদের প্রথম ম্যাচ। সেবার কোপা আমেরিকার গ্রুপ ‘বি’-এর শেষ ম্যাচে ২-০ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। এবারের ম্যাচটি স্কালোনির জন্য হবে গুরুত্বপূর্ণ এক পরীক্ষা। বিশ্বকাপে শিরোপা রক্ষার জন্য চূড়ান্ত দল নির্বাচন নিয়ে যেসব সমস্যা রয়েছে, সেগুলো কাটিয়ে ওঠার জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে এই ম্যাচকে।
শোনা গিয়েছিল, বিশ্বকাপের জন্য নাকি ৫০ জনের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছে আর্জেন্টিনা। মার্চ উইন্ডোতে স্কোয়াড চূড়ান্ত করতে চাইবে বিশ্ব চ্যাম্পিয়নরা। ১ ও ১০ জুন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে মেক্সিকো ও মায়ামিতে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে নামতে পারে তারা। সেটা হলে মেগা ইভেন্টের আগে সেটাই হবে শেষ প্রস্তুতির সুযোগ।
উল্লেখ্য, আগামী ১১ জুন পর্দা উঠবে ২০২৬ বিশ্বকাপের। যেখানে কাতার পড়েছে গ্রুপ ‘বি’-তে। তাদের সঙ্গে রয়েছে কানাডা, সুইজারল্যান্ড এবং আরেকটি ইউরোপীয় দল। শেষ দলটি আসবে ইতালি, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস ও বসনিয়ার মধ্যে প্লে-অফ জয়ীর মাধ্যমে। অন্যদিকে আর্জেন্টিনার গ্রুপে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: