[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

পিছিয়ে পড়েও লংকানদের উড়িয়ে দিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬ ১৬:০১ পিএম

সাফ নারী ফুটসালে তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। এবার সাবিনা খাতুনদের কাছে ধরা দিয়েছে বড় জয়। বুধবার থাইল্যান্ডের ব্যাংককে নানথাবুড়ি জিমন্যামিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অধিনায়ক সাবিনা ও কৃষ্ণাদের নৈপুণ্যে লাল সবুজ দল ৬-৩ গোলে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে।

যদিও ম্যাচের শুরুতেই দুই গোল হজম করে বাংলাদেশ। ১২ মিনিটে ধারার বিপরীতে হজম করে প্রথম গোল। শ্রীলঙ্কা আবারও এগিয়ে যায় ১৬ মিনিটে। দুই গোলে পিছিয়ে থেকে বাংলাদেশ দারুণ ভাবে ঘুরে দাঁড়ায়। দু’মিনিট পর বাংলাদেশ ম্যাচে ফেরার সুযোগ পায়। কৃষ্ণার সঙ্গে দুবার বল দেওয়া নেওয়া করে নিখুঁত শটে গোল করেন সাবিনা।

প্রথমার্ধের শেষ মিনিটে বাইলাইনের ওপর থেকে কৃষ্ণার কাটব্যাক থেকে সাবিনার গোল স্কোর লাইন ২-২ করেছে। বিরতির পরও বাংলাদেশের দাপট অব্যাহত থাকে। বাংলাদেশ তৃতীয় গোল পায় মাতসুশিমা সুমাইয়ার নৈপুণ্যে। ২৮ মিনিটে সাবিনার কর্নারে সুমাইয়া বাঁ পায়ের প্লেসিং শটে জাল কাঁপান। ৩৫ মিনিটে সাবিনার পাসে গেলমুখে আলতো টোকায় কৃষ্ণা রানী গোল করেন।

৩৮ মিনিটে সাবিনার বাঁ প্রান্তের ক্রস গোলকিপার সেভ করলে ফিরতি বলে মাসুরার প্লেসিংয়ে স্কোরলাইন ৫-২ হয়েছে। বাংলাদেশ শেষ মিনিটে ষষ্ঠ গোল পায়। সাবিনার পাসে কৃষ্ণা দারুণ গোল করেন। ম্যাচ শেষ হওয়ার এক সেকেন্ড আগে আবার শ্রীলঙ্কা তৃতীয় গোল শোধ দেয়। শেষে ৬-৩ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশ চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর