জাতীয় নারী দলের প্রাথমিক স্কোয়াড নিয়ে বিতর্ক!
ফের বিতর্কে জড়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার এএফসি উইমেন্স এশিয়ান কাপের জন্য ২৯ সদস্যের একটি ‘প্রাথমিক দল’ ঘোষণার দাবি ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা, যা সরাসরি নাকচ করে দিয়েছেন জাতীয় দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার।
বুধবার রাতে বাফুফে এই তালিকা প্রকাশ করে এবং অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় এশিয়ান কাপের জন্য বাংলাদেশের প্রাথমিক দল হিসাবে বলা হয়। তবে এর কিছুক্ষণ পরেই পিটার বাটলার তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে বিষয়টি স্পষ্ট করে জানান যে, কোনো চূড়ান্ত বা প্রাথমিক দল এখনো নির্বাচন করা হয়নি। বাফুফে যে তালিকা প্রকাশ করেছে, তা তিনি কেবল খেলোয়াড় যাচাই-বাছাইয়ের জন্য একটি ‘অনুশীলন দল’ (ট্রেনিং স্কোয়াড) হিসেবে বর্ণনা করেন। বাটলার লিখেন, ‘পরিষ্কার করে বলতে চাই যে আমি এখনো কোনো চূড়ান্ত দল ঘোষণা করিনি। জায়গা সবার জন্যই উন্মুক্ত। লিগের খেলায় কয়েকজন চোট পাওয়ায় আমরা কেবল মূল্যায়নের জন্য একটি অনুশীলন দল তৈরি করেছি। বিদেশে কোনো অনুশীলন ক্যাম্পের সুযোগ না পাওয়া আমাদের প্রস্তুতির জন্য একটি বড় ধাক্কা। বর্তমানে আমি নেপালে অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে আছি, সেখান থেকে এক-দুজন প্রতিভাবান তরুণীকে মূল দলের জন্য বিবেচনা করা হতে পারে।’
বিদেশে কন্ডিশনিং ক্যাম্পের ব্যবস্থা করতে না পারায় বাফুফের ওপর নিজের হতাশা প্রকাশ করলেও দলের তরুণ খেলোয়াড়দের ওপর আস্থা দেখিয়েছেন বাটলার। তিনি যোগ করেন, ‘বিদেশে ক্যাম্প করতে না পারাটা দুর্ভাগ্যজনক, তবে আমরা অত্যন্ত আশাবাদী। আমাদের এই তরুণ দলটি দেশের জার্সি পরে সর্বোচ্চটা দিয়ে লড়াই করবে।’
বাফুফে ও কোচের এই পরস্পরবিরোধীতা ফুটবল ফেডারেমনের অভ্যন্তরে সমন্বয়হীনতা এবং কর্তৃত্বের সংকটকে আবারও সামনে নিয়ে এসেছে। এর আগে পুরুষ জাতীয় দলের বেলাতেও একই রকম ঘটনা ঘটেছিল, যখন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার স্কোয়াড দেওয়া নিয়ে কর্মকর্তারা বিভ্রান্তিকর তথ্য দিয়েছিলেন।
বাস্তবে ২৯ সদস্যের এই তালিকাটি কেবল ১০ দিনের একটি ফিটনেস ক্যাম্পের জন্য তৈরি করা হয়েছে, যা বর্তমানে ফিটনেস কোচ ক্যামেরন লর্ড এবং স্থানীয় কোচদের অধীনে পরিচালিত হচ্ছে।
পিটার বাটলার বর্তমানে নেপালে থাকায় এবং খেলোয়াড়দের চোটের কারণে এই স্কোয়াডে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়ে গেছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: