[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সিঙ্গাপুরের বিপক্ষে কি খেলতে পারবেন হামজা?

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:০২ এএম

ইংলিশ চ্যাম্পিয়নশিপে গত শনিবার চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে চোট পান লেস্টার সিটির বাংলাদেশি তারকা হামজা চৌধুরী। ব্যথায় কাতর হামজাকে কিছুক্ষণ মাঠেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিন্তু খেলা চালিয়ে যেতে না পারায় ম্যাচের ২৯ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। ম্যাচ শেষে ক্রাচে ভর দিয়ে মাঠ ছাড়তেও দেখা যায় এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে।

প্রাথমিকভাবে গুঞ্জন ওঠে, ডান হাঁটুর মিডিয়াল কল্যাটারাল লিগামেন্টে চোটের কারণে সার্জারি প্রয়োজন হতে পারে হামজার। যা তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে পাঠাতে পারে। ম্যাচের পর লেস্টার সিটির কোচও বলেছিলেন, ‘হামজাকে হাঁটুর ব্রেস পরা অবস্থায় দেখেছি। মনে হচ্ছিল দ্রুত সেরে ওঠার মতো নয়।’ বোঝা যাচ্ছিল, গুরুতর চোটই পেয়েছেন লেস্টার সিটির অধিনায়ক।

প্রিয় ফুটবলারের চোটে বাংলাদেশের ফুটবলভক্তদের মাঝেও চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল। হামজার চোট কতটা গুরুতর, মাঠে ফিরতে কত দিন লাগতে পারে, বাংলাদেশ দল তাকে পরের ম্যাচে পাবে তো— এ ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তাদের মনে। তবে আশার খবর হলো, হামজার চোট বেশ গুরুতর হলেও সার্জারির প্রয়োজন নেই।

বুধবার (৪ ফেব্রুয়ারি) হামজার চোটের স্ক্যান রিপোর্টেও বড় কোনো সমস্যা বা চিড় ধরা পড়েনি। ফলে সার্জারি প্রয়োজন হচ্ছে না তার। ডাক্তার ছয় থেকে আট সপ্তাহ রিহ্যাবে থাকার পর মাঠে ফিরতে পরামর্শ দিয়েছেন তাকে। ফলে হামজা সার্জারি ছাড়াই রিহ্যাব প্রক্রিয়া অনুসরণ করে ফের মাঠে ফিরবেন লেস্টারের অধিনায়ক।

আগামী ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে যাবে হাভিয়ের কাবরেরার দল। তার আগে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে লাল-সবুজ বাহিনীর। তবে জাতীয় দলের জন্য যথেষ্ট সময় পাবেন।

পুনর্বাসন প্রক্রিয়া ঠিকঠাকভাবে সম্পন্ন হলে হামজা মার্চের তৃতীয় বা শেষ সপ্তাহে মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে। সে ক্ষেত্রে বাংলাদেশের জার্সিতে তাকে মার্চেই দেখা যেতে পারে। হামজার এই সুখবর সবচেয়ে বেশি স্বস্তি দিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর