মেসি ও মায়ামির সামনে নতুন চ্যালেঞ্জ
লিওনেল মেসির আগমনের পর থেকেই আলোচনার কেন্দ্রে ইন্টার মায়ামি। তবে খুব শিগগিরই আর্জেন্টাইন মহাতারকার সামনে আসছে নতুন চ্যালেঞ্জ। বার্সেলোনার পোলিশ তারকা রবার্ট লেভানদোভস্কিকে দলে ভেড়াতে জোর চেষ্টা চালাচ্ছে চিকাগো ফায়ার। তাতে দুই বড় তারকার লড়াইয়ে জমে উঠবে মেজর সকার লিগও (এমএলএস)।
বার্সেলোনায় ৩৭ বছর বয়সী লেভানদোভস্কির বর্তমান চুক্তির মেয়াদ শেষের পথে। তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি নতুন করে চুক্তি বাড়াবেন কিনা। ক্লাবের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ও ভবিষ্যৎ পরিকল্পনার দিকে তাকিয়েই সিদ্ধান্ত নিতে চান পোলিশ তারকা। ফলে বার্সেলোনাতে তার ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে।
সৌদি আরব, ইতালি ও তুরস্কের বিভিন্ন ক্লাবের আগ্রহের খবর আগেই প্রকাশ্যে এসেছে। তবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর সম্ভাবনা এখন আর কেবল গুঞ্জন নয়, বরং বাস্তব হওয়ার পথেই হাঁটছে। মার্কিন ক্রীড়া বিশ্লেষক জানুজ মিকালিক জানিয়েছেন, শিকাগো কর্তৃপক্ষ জানে লেভানদোভস্কি বার্সেলোনার অবস্থান দেখছেন, তবু তাকে রাজি করাতে সর্বোচ্চ চেষ্টা করছে তারা। ক্লাবটি নাকি ‘শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ’ এই তারকাকে দলে ভেড়াতে।
কয়েক মাস আগে শিকাগোর প্রধান কোচ ও ক্রীড়া পরিচালক গ্রেগ বেরহাল্টার স্পেনে গিয়ে লেভানদোভস্কি ও তার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রস্তাবের মধ্যে রয়েছে বড় অঙ্কের আর্থিক প্যাকেজ এবং ২০২৮ সালে নতুন স্টেডিয়াম উদ্বোধনের আগে একটি ‘সুপারক্লাব’ গড়ার দীর্ঘমেয়াদি পরিকল্পনা। তবে গ্রীষ্মকালীন দলবদলের আগেই সিদ্ধান্ত না এলে বিকল্প খেলোয়াড়ের দিকেও নজর দিতে পারে শিকাগো, এমন ইঙ্গিতও পাওয়া গেছে।
মেসি বনাম লেভানদোভস্কি: পুরোনো প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায়?
লেভানদোভস্কি এমএলএসে এলে কেবল বড় ট্রান্সফারই হবে না, পুনর্জীবিত হবে এক পুরোনো প্রতিদ্বন্দ্বিতাও। ব্যালন ডি’অর ভোটাভুটি নিয়ে বিতর্ক থেকে শুরু করে ২০২২ ফিফা বিশ্বকাপে মুখোমুখি সাক্ষাতে দ্বন্দ্ব; মেসি ও লেভানদোভস্কির সম্পর্ক সবসময়ই ছিল আলোচনায়। শিকাগোতে যোগ দিলে নিয়মিত মৌসুমে অন্তত দুবার মুখোমুখি হতে পারেন এই দুই বিশ্বতারকা। এতে এমএলএসের পূর্বাঞ্চলীয় কনফারেন্সে প্রতিদ্বন্দ্বিতা যেমন বাড়বে, তেমনি লিগের বাণিজ্যিক আকর্ষণও নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।
সবকিছুই নির্ভর করছে লেভানদোভস্কির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। বার্সেলোনায় থাকবেন, নাকি উত্তর আমেরিকায় নতুন চ্যালেঞ্জ নেবেন, এই প্রশ্নের উত্তর মিললে তবেই পরিষ্কার হবে এমএলএসে আরেকটি ‘সুপারস্টার অধ্যায়’ শুরু হচ্ছে কিনা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: