গাজায় ধ্বংসস্তূপের নিস্তব্ধতা ভেঙে ফুটবলের গর্জন, হার না মানার বার্তা
ধ্বংসস্তূপে ঘেরা নবনির্মিত ফুটবল মাঠে মুখোমুখি হয়েছে দুই ফিলিস্তিনি ক্লাব-গাজা স্পোর্টস ক্লাব ও আল-আহলি ক্লাব। চারপাশে ভেঙে পড়া ভবন, যুদ্ধের ক্ষতচিহ্ন আর ধুলিধূসর পরিবেশের মধ্যেও থেমে থাকেনি খেলা। বরং সেই ধ্বংসস্তূপের মাঝেই ফুটবল হয়ে উঠেছে টিকে থাকার প্রতীক। খবর আল জাজিরার।
ইসরায়েলি স্থল ও আকাশ অভিযানে বিধ্বস্ত গাজা সিটির একাংশে নির্মিত এই মাঠে খেলোয়াড়রা নেমেছিলেন স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে। দর্শকসংখ্যা সীমিত হলেও উপস্থিত স্থানীয়দের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গোলের মুহূর্তে উল্লাস আর করতালিতে কিছু সময়ের জন্য যেন ভুলে থাকা গেছে চারপাশের ধ্বংসযজ্ঞ।
স্থানীয় ক্রীড়াবিদদের মতে, ফুটবল শুধু খেলা নয়-এটি মানসিক পুনর্গঠনেরও একটি মাধ্যম। দীর্ঘ সংঘাত ও অনিশ্চয়তার মধ্যে তরুণদের জন্য খেলাধুলা আশার আলো দেখায়, সহিংসতার বাইরে বিকল্প এক বাস্তবতার স্বপ্ন জাগায়।
হৃদয় কাঁপানো ছবিগুলো তুলেছেন সংবাদমাধ্যম এপি ফটোসাংবাদিক জেহাদ আলশরাফি। তার ক্যামেরায় ধরা পড়েছে এক বিরল দৃশ্য-ধ্বংসের ভেতরেও জীবনের স্পন্দন, যেখানে একটি বলের পেছনে ছোটা তরুণেরা জানিয়ে দিচ্ছে, প্রতিকূলতার মাঝেও থেমে থাকে না জীবন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: