[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আবার বর্ণবাদী আক্রমণের শিকার ভিনিসিয়ুস

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২ এএম

আট বছরে ২০ বার বর্ণবাদী আক্রমণের শিকার ভিনিসিয়ুস

আট বছরে ২০ বার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। সর্বশেষ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বর্ণবাদী আচরণের অভিযোগ প্রমাণিত হলে ইউরোপিয়ান ফুটবল থেকে ১০ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জানলুকা প্রেস্তিয়ান্নি।

আরও একবার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। বিবিসির পরিসংখ্যান অনুযায়ী, রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে তোলার পর গত আট বছরে তিনি ২০ বার এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।

ঘটনার পর ফুটবল দুনিয়ায় তোলপাড় শুরু হয়। এ বিষয়ে মুখ খুলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেন, বেনফিকা ও রিয়াল মাদ্রিদের ম্যাচে ভিনিসিয়ুসের ওপর যে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে, তা দেখে তিনি স্তম্ভিত ও মর্মাহত। খেলাধুলা কিংবা সমাজে বর্ণবাদের কোনও স্থান নেই উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার কথা বলেন।

বর্ণবাদ নিরসনে প্রতিজ্ঞাবদ্ধ থাকার কথা জানিয়ে ইনফান্তিনো বলেন, ফিফা ‘গ্লোবাল ইনিশিয়েটিভ অ্যাগেইনস্ট রেসিজম’ এবং ‘প্লেয়ার্স ভয়েস প্যানেল’-এর মাধ্যমে ফুটবলার, রেফারি ও সমর্থকদের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করছে। যেকোনো বর্ণবাদী বা বৈষম্যমূলক ঘটনার ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ম্যাচের রেফারি ফ্রাঁসোয়া লেতেজিয়েকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন ইনফান্তিনো। তবে পুরো ঘটনার পরও বেনফিকা ও তাদের কোচ জোসে মরিনিয়ো জানলুকা প্রেস্তিয়ান্নির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন, যা রিয়াল মাদ্রিদ সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

এদিকে অভিযোগের তদন্ত শুরু করেছে উয়েফা। ইতোমধ্যে একজন নীতি ও শৃঙ্খলা পরিদর্শক নিয়োগ দেয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও মন্তব্য করতে চায় না ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। অভিযোগ প্রমাণিত হলে অন্তত ১০ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন জানলুকা প্রেস্তিয়ান্নি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর