[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০২ পিএম

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিয়ো তাপিয়াসহ বোর্ডের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির একটি আদালত। তাদেরকে সামাজিক নিরাপত্তা তহবিলের অর্থ অপব্যবহারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। খবর ইএসপিএনের।

এটি এএফএ সভাপতি তাপিয়ার বিরুদ্ধে প্রথম উল্লেখযোগ্য আইনি পদক্ষেপ। এর আগে তার ব্যক্তিগত সম্পদ ও সংস্থার আর্থিক ব্যবস্থাপনা নিয়ে একাধিক তদন্ত শুরু হয়েছিল।

বুয়েনস আইরেস আদালতের বিচারক দিয়েগো আমারান্তে আগামী ৫ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য তাপিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বলে অ্যাসোসিয়েটেড প্রেসের প্রাপ্ত তথ্যে জানা গেছে।

আরও পড়ুন: পাকিস্তানকে ৫৬ রানে গুটিয়ে বিশাল জয় বাংলাদেশের, ফাইনালে প্রতিপক্ষ ভারত

‘চিকি’ নামে পরিচিত তাপিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২৪ ও ২০২৫ সালে প্রায় ১৯ বিলিয়ন পেসো (প্রায় ১২.৮ মিলিয়ন মার্কিন ডলার) সামাজিক নিরাপত্তা তহবিলের অর্থ পরিশোধে ব্যর্থ হয়েছেন।

এই অভিযোগ দায়ের করেছে দেশটির কাস্টমস কালেকশন অ্যান্ড কন্ট্রোল এজেন্সি। আইন অনুযায়ী তাপিয়ার আদালতে হাজির হওয়া বাধ্যতামূলক, তবে তিনি সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানাতে পারেন।

বিচারক আমারান্তে তদন্তাধীন ঘটনার ‘গুরুত্ব’ এবং ‘আইনি প্রক্রিয়া সম্পন্ন নিশ্চিত করতে’ তাপিয়ার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন। যদি সাক্ষ্য দেওয়ার পরও এই নিষেধাজ্ঞা বহাল থাকে, তাহলে আগামী ২৭ মার্চ কাতারে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো ২০২৪ বিজয়ী স্পেনের মধ্যকার পুরুষদের ফিনালিসিমা ম্যাচে তাপিয়া উপস্থিত থাকতে পারবেন না।

এছাড়া কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনো, সাধারণ সম্পাদক ক্রিস্তিয়ান মালাসপিনা, মহাপরিচালক গুস্তাভো লোরেঞ্জো এবং সাবেক রেসিং ক্লাব সভাপতি ভিক্টর ব্লাঙ্কোকেও সাক্ষ্য দিতে আদালতে হাজির হতে হবে এবং একই কারণে তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাপিয়া বা অন্য কোনো কর্মকর্তা এখনো বিচারকের এ আদেশ সম্পর্কে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর