[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

সিডনি পৌঁছেছেন আফঈদা- ঋতুপর্ণারা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০২ পিএম

এএফসি নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছে বাংলাদেশ। গতকাল মধ্যরাতে সিডনির উদ্দেশ্যে দেশ ছাড়েন আফিদা খন্দকাররা। থাইল্যান্ডে কয়েক ঘণ্টা যাত্রা বিরতির পর আজ অস্ট্রেলিয়ান সময় রাত দশটায় সিডনি পৌঁছায় বাংলাদেশ দল। বিমানবন্দরে সিডনিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা টিমকে অর্ভ্যথনা জানায়।

পহেলা মার্চ নারী এশিয়ান কাপ শুরু হবে। এএফসি ২৭ ফেব্রুয়ারি থেকে অংশগ্রহণকারী দলগুলোকে টিম হোটেলে উঠাবে। এর আগে ছয় দিন বাংলাদেশ নিজস্ব ব্যবস্থাপনায় সিডনির ভ্যালেন্টাইন পার্কে ক্যাম্প করবে। তাই আফিদারা রাত সাড়ে বারোটার দিকে ভ্যালেন্টাইন পার্কে পৌঁছান।

বাফুফের দেয়া তথ্য অনুযায়ী, ফুটবলাররা সবাই সুস্থ রয়েছেন এবং দীর্ঘ ভ্রমণের পর বিশ্রামে রয়েছেন। আগামীকাল অস্ট্রেলিয়া সময় সকাল নয়টায় বাংলাদেশ দলের অনুশীলন শুরু করার কথা রয়েছে।

পহেলা মার্চ পার্থে টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে শুরু হলেও বাংলাদেশের ম্যাচ ৩ মার্চ। গ্রুপ পর্যায়ের বাংলাদেশের দুই ম্যাচ সিডনিতে। ৬ মার্চ গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলে পরের দিন দুপুরে পার্থের উদ্দেশ্যে রওনা হবেন ঋতুপর্ণারা।

এশিয়ার সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্ট এশিয়া কাপ। বাংলাদেশ পুরুষ ফুটবল ১৯৮০ সালে কুয়েত এশিয়া কাপে প্রথম ও সর্বশেষ অংশ নিয়েছিল। এরপর আর কখনো এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারেনি। বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবার এশিয়া কাপে খেলছে। এই টুর্নামেন্ট বাংলাদেশের ফুটবলের জন্য ঐতিহাসিক।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর