[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

মূল ভেন্যুতে আফঈদাদের অনুশীলন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০২ পিএম

প্রথমবার এশিয়ান কাপে খেলার দীর্ঘ প্রতীক্ষা এবং প্রস্তুতির যবনিকাপাত ঘটতে যাচ্ছে আফঈদা, ঋতুপর্ণাদের। রোববার মহাদেশিয় টুর্নামেন্ট এএফসি নারী এশিয়ান কাপের খেলা শুরু হচ্ছে। তবে লাল সবুজের মেয়েদের অভিষেক হবে মঙ্গলবার। প্রথম দিনেই আফঈদা খন্দকারদের প্রতিপক্ষ নয়বারের চ্যাম্পিয়ণ চীন।

এই টুর্নামেন্টে খেলতে অস্ট্রেলিয়ার পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে ২০ ফেব্রুয়ারি সিডনি গিয়েছেন ব্রিটিশ কোচ পিটার বাটলারের শিষ্যরা। সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে শুরুর দিনগুলোতে অনুশীলনের পর টাইগ্রেসরা শুক্রবার আনুষ্ঠানিকভাবে ক্যাম্প ছেড়ে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী এএফসি নির্ধারিত টিম হোটেল ‘পার্ক রয়্যাল’-এ স্থানান্তরিত হয়েছে। নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর তিন দিন আগে অংশগ্রহণকারী সকল দেশকে অফিসিয়াল হোটেলে উঠতে হয় এবং তাদের অনুশীলনের সময়সূচী এএফসি দ্বারা নিয়ন্ত্রিত হয়। হোটেলে চেক-ইন করার আগে পিটার বাটলারের শিষ্যরা জুবিলি ওভালে ৯০ মিনিটের একটি সেশন সম্পন্ন করে, যা এই টুর্নামেন্টের অফিসিয়াল প্র্যাকটিস ভেন্যু।

সকালে অনুশীলন সেশন শেষে সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যা দলের অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে এক ভিডিও বার্তায় বলেন, ‘একদিন বিশ্রাম নেওয়ার পর আজ (গতকাল) আমরা প্রথমবারের মতো এএফসি নির্ধারিত ভেন্যুতে অনুশীলন করেছি। আলহামদুলিল্লাহ, সবাই ভালো পারফর্ম করেছে।’ খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সমর্থকদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, ‘দলে বড় কোনো চোট নেই। আমাদের সঙ্গে ফিজিও আছেন এবং ছোটখাটো সমস্যাগুলো ভালোভাবে সামলানো হচ্ছে। সবাই সুস্থ রয়েছে এবং প্রতিটি সেশনে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে।’

এদিকে বাংলাদেশ কঠিন ‘গ্রুপ বি’-তে পড়েছে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে নয়বারের চ্যাম্পিয়ন চীন, তিনবারের বিজয়ী উত্তর কোরিয়া এবং শক্তিশালী উজবেকিস্তান। চীনের অস্ট্রেলীয় কোচ এন্তে মিলিচিচ ইতিমধ্যেই সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়ে এবিসি নিউজকে বলেন, ‘প্রতিটি প্রতিপক্ষই কঠিন হবে। বর্তমানে সব দলই আগের চেয়ে বেশি ফিট এবং সুসংগঠিত। আপনাদের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশকে সম্মান করতে হবে। যদিও এটিই তাদের প্রথম এশিয়ান কাপ।’

মঙ্গলবার সিডনিতে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ তাদের অভিযান শুরু করবে। এটি বাটলারের দলের জন্য একটি কঠিন পরীক্ষা হতে যাচ্ছে ঠিকই, তবে এই বিশাল মঞ্চে পা রাখাটাই বাংলাদেশের জন্য একটি বড় অর্জন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর