বার্সেলোনায় ফেরার সব পথ বন্ধ করলেন মেসি
স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার সভাপতি নির্বাচন ঘিরে পুরোদমে চলছে প্রচার-প্রচারণা। নির্বাচনী প্রচারে নানা প্রতিশ্রুতির ঝড় বইছে। এর মধ্যেই প্রাক-প্রার্থী মার্ক সিরিয়া বার্সেলোনার সাবেক অধিনায়ক লিওনেল মেসির নাম সামনে এনে বাড়তি সুবিধা নেয়ার চেষ্টা করছেন। তিনি মেসির ছবিসহ বড় পোস্টার উন্মোচন করে জানিয়েছেন, আর্জেন্টাইন মহাতারকাকে আবার ক্লাবে ফেরাতে সম্ভাব্য সব পদক্ষেপ নেবেন।
তবে কাতালুনিয়া রেডিওতে সাংবাদিক জাভি কাম্পোসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মেসি তার ঘনিষ্ঠ মহলের মাধ্যমে সব সভাপতি প্রার্থীদের জানিয়ে দিয়েছেন, তিনি আর খেলোয়াড় হিসেবে বার্সেলোনায় ফিরছেন না। প্রতিবেদন ইয়াহু স্পোর্টসের।
আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা স্পষ্ট করে দিয়েছেন, এই মুহূর্তে ক্যাম্প ন্যু’তে ‘লাস্ট ডান্স’-এর কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ ব্লাউগ্রানা জার্সিতে শেষবারের মতো মাঠে নামার স্বপ্ন আপাতত ভেঙেই যাচ্ছে।
বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলা মেসি ভবিষ্যতে ভিন্ন কোনো ভূমিকায় বার্সেলোনায় ফিরতে আগ্রহী হতে পারেন বলে ইঙ্গিত মিলেছে। তবে খেলোয়াড় হিসেবে প্রত্যাবর্তনের সম্ভাবনা একপ্রকার উড়িয়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে আর্থিক ফেয়ার প্লে জটিলতার কারণে হুয়ান লাপোর্তার নেতৃত্বাধীন বোর্ড মেসির চুক্তি নবায়ন করতে পারেনি। ফলে বাধ্য হয়ে বার্সেলোনা ছাড়তে হয় আর্জেন্টাইন মহাতারকাকে। এরপর তিনি প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে খেলেছেন। বর্তমানে ইন্টার মায়ামির জার্সিতে মাঠ কাঁপাচ্ছেন তিনি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: