[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

মেসির নাম ভাঙিয়ে চড়া দামে টিকিট বিক্রি, তারপর যা ঘটল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬ ২২:০৩ পিএম

ফুটবল বিশ্বের অন্যতম সুপারস্টার লিওনেল মেসির নাম ভাঙিয়ে টিকিট বিক্রি এবং তার অনুপস্থিতি নিয়ে মেজর লিগ সকারে এক বিরল আইনি ও আর্থিক পরিস্থিতির উদ্ভব ঘটেছে। ঘটনা ঘটেছিল ২০২৪ সালের মে মাসে, যখন কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস তাদের ১৫তম মৌসুমের ম্যাচে ইন্টার মায়ামির সঙ্গে মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

ম্যাচটি মূলত মেসির ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ ছিল, কারণ এটি ছিল তার প্রথমবারের মতো মিয়ামি জার্সিতে ভ্যাঙ্কুভারে খেলার সুযোগ। তার সঙ্গে লুইস সুয়ারেজ ও সার্জিও বুসকেটসের মতো তারকাদের উপস্থিতি নিয়েও ব্যাপক প্রচারণা চালানো হয়। ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস এবং এমএলএস কর্তৃপক্ষ এই তিনজনকে বিজ্ঞাপনের মুখ হিসেবে ব্যবহার করে প্রচারণা চালায় এবং টিকিটের দাম কয়েক গুণ বৃদ্ধি করা হয়। প্রতিবেদনের মতে, অনেক সমর্থক প্রিয় তারকাদের খেলা দেখার জন্য প্রতিটি টিকিটের জন্য ৩৩৫ মার্কিন ডলার পর্যন্ত খরচ করেছিলেন।

তবে ম্যাচের ঠিক আগমুহূর্তে সমর্থকদের জন্য বড় ধাক্কা আসে। ইন্টার মিয়ামির কোচ সিদ্ধান্ত নেন যে মেসি ও তার সতীর্থদের বিশ্রামের প্রয়োজন, ফলে তারা ভ্যাঙ্কুভারে ভ্রমণ করেননি। এই খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার সমর্থক হতাশ হয়ে পড়েন। স্টেডিয়ামে খাবার ও পানীয়ের ওপর ৫০ শতাংশ ছাড় এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করলেও ক্ষোভ কমেনি।

এই পরিস্থিতিতে ক্লাব ও লিগ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্লাস-অ্যাকশন মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগে বলা হয়, আয়োজকরা মেসি ও তার সতীর্থদের খেলার কথা বলে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়েছেন। যদিও ক্লাব ও এমএলএস কর্তৃপক্ষ কোনো ভুল স্বীকার করেননি এবং দাবি করেছিলেন কোন খেলোয়াড় খেলবেন তার ওপর তাদের নিয়ন্ত্রণ নেই।

দীর্ঘ আইনি লড়াই শেষে ব্রিটিশ কলম্বিয়া সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সমঝোতা চুক্তি সম্পন্ন হয়। সেই অনুযায়ী, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস এবং এমএলএস যৌথভাবে প্রায় ৩ লক্ষ ৪৭ হাজার মার্কিন ডলার (৪ লক্ষ ৭৫ হাজার কানাডিয়ান ডলার) জরিমানা প্রদান করবে।

আদালতের নির্দেশে এই অর্থ সরাসরি কোনো সমর্থকের পকেটে যাবে না। বরং এই টাকা শিশুদের ক্রীড়া উন্নয়নের জন্য নিয়োজিত তিনটি দাতব্য সংস্থা কিডস্পোর্ট বিসি, কানাডা স্কোরস এবং বিজিজি সাউথ কোস্ট বিসিকে প্রদান করা হবে।

ঘটনাটি ফুটবল ও ইভেন্ট ব্যবস্থাপনার ক্ষেত্রে সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে বড় তারকাদের উপস্থিতি নিশ্চিত না হওয়ার সম্ভাবনার মধ্যে সমর্থকদের প্রত্যাশা, টিকিটিং নীতি ও আইনি দায়-দায়িত্বের বিষয়গুলোকে নতুন আলোকে তুলে ধরেছে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর