[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আজও ‘সাহসি’ ফুটবল খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬ ১৫:০৩ পিএম

এক ম্যচেই দলের দৃশ্যপট আমূল বদলে গেছে বাংলাদেশের। চীনের বিপক্ষে দুর্দান্ত খেলে সাহস বেড়ে গেছে যেন ঋতুপর্ণাদের। তাই শক্তিশালী উত্তর কোরিয়াকে নিয়ে না ভেবে নিজেদের সামর্থ্য অনুযায়ী সেরাটা নিংড়ে দেওয়ার দিকেই বেশি মনোযোগ দিতে চান বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার।

এএফসি নারী এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আরেক ফেভারিট দল উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল আটটায় সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। টি স্পোর্টস সরাসরি ম্যাচটি সম্প্রচার করবে।

চীনের বিপক্ষে ম্যাচের পর দলের আবহ বলদে গেছে অনেকটাই। উত্তর কোরিয়া ম্যাচের আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলারের কথায়ও সে ইঙ্গিত স্পষ্ট, ‘ফেভারিটদের বিপক্ষে সাহসী ফুটবল খেলব।’ শক্তি, সামর্থ্য, ইতিহাস-ঐতিহ্য, ফিফা র‌্যাঙ্কিং- কোথাও উত্তর কোরিয়ার ধারেকাছে নেই বাংলাদেশ। প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। ফিফা র‌্যাংকিংয়ে বিশ্বে নবম, এশিয়ায় দ্বিতীয় দল তারা। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান তলানির দিকে, ১১২ তম। সিডনিতে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে বি- গ্রুপের পথচলা শুরু করা উত্তর কোরিয়া টেবিলে আছে শীর্ষে।

চীনের বিপক্ষে ২-০ গোলে হেরে আসা বাংলাদেশের অবস্থান তিনে। তবে, চীনের বিপক্ষে ম্যাচ থেকেই উত্তর কোরিয়ার বিপক্ষে সাহসী ফুটবল খেলার আত্মবিশ্বাস পাচ্ছে দল। তবে এখনই কোয়ার্টার-ফাইনালে খেলার বড় স্বপ্ন দেখতে চাইলেন না বাংলাদেশ কোচ। তার কথা, ‘আমরা এখানে আবার এসেছি উত্তর কোরিয়ার মতো খুব-খুব শক্তিশালী একটি দলের মুখোমুখি হতে। তারা টেকনিক্যালি দারুণ দক্ষ এবং সত্যিই খুব প্রতিভাবান দল। আপনি যদি তাদের ফিফা র‌্যাংকিংয়ের দিকে তাকান, বুঝতে পারবেন তারাই সম্ভবত এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। তো, শুরুতেই আমরা সব কঠিন প্রতিপক্ষগুলোকে পাচ্ছি, তাই না? চীন এবং এবার কোরিয়া। আমাদের নিজেদের সেরা ছন্দে থাকতে হবে। আমি কোনো ঘোরের মধ্যে নেই; আমি একজন বাস্তববাদী মানুষ এবং জানি যে অনেক দিক থেকেই এই ম্যাচ জেতাটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে। তবে মূল বিষয় হলো নিজের সেরাটা দেওয়া এবং নিজের নিজস্বতা ধরে রাখা।’

বাস্তববাদী কোচ পিটার বাটলার আরও বলেন, ‘আমি প্রত্যেক ম্যাচকে সমানভাবে দেখি। আমরা এখানে আকাশকুসুম কল্পনা নিয়ে আসিনি যে, আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করতে যাচ্ছি। আমি এটা ভাবতে চাই যে, প্রতিটি ম্যাচে এই মেয়েরা উন্নতি করবে, তারা শিখবে। এটি তাদের জন্য শেখার একটি সুযোগ। তবে প্রশ্নটি যদি করেন, আমরা পারফরম্যান্স আরও উন্নত করতে পারি কিনা? হ্যাঁ, অবশ্যই পারি এবং আমি মনে করি আমরা পারব। আমি শুধু চাই, খেলোয়াড়রা মাঠে গিয়ে তাদের সেরাটা দিক এবং সততা ও নিষ্ঠার সঙ্গে খেলুক।’

জাতীয় দলের গোলকিপার মিলি আক্তারকে কিংবদন্তি গায়ক এলভিস প্রিসলির চুলের স্টাইলের প্রসংঙ্গও টানলেন বাটলার, ‘মিলি অনেকটা এলভিস প্রিসলির মতো, তার দারুণ একটা স্টাইল আছে। এই টুর্নামেন্টে তার চুলের স্টাইলই সেরা। আজ (গতকাল) সকালেও আমরা এটা নিয়ে কথা বলছিলাম। সে অনেক দিন ধরেই সুযোগের অপেক্ষায় ছিল এবং সে যে আগে খেলেনি, তার একমাত্র কারণ হলো আমাদের কোনো ম্যাচ ছিল না। চীন ম্যাচের আগে প্রায় ৯০ থেকে ১০০ দিন আমাদের কোনো প্রস্তুতি ম্যাচ ছিল না, যা দুর্ভাগ্যজনক।’

এদিকে বাংলাদেশ নিয়ে যেমন ধারণা ছিল কোরিয়ার, সেই ভুল ভেঙেছে চীন ম্যাচের পরপরই। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কোরিয়ার প্রধান কোচ রি সং হো বলেন, ‘আমি এখানে এসে চীন ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি দেখেছি এবং আমার মনে হয়েছে বাংলাদেশ দল আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাদের আক্রমণভাগ অনেক দ্রুত এবং রক্ষণ থেকে আক্রমণে যাওয়ার গতি ও দক্ষতা বেশ তিক্ষ্ম। সাধারণভাবে বলতে গেলে, তারা বেশ দ্রুতগতির দল। তাই ম্যাচে আমাদের রক্ষণভাগকে অনেক বেশি মনোযোগী হতে হবে, যাতে তারা গোল করার কোনো সুযোগ না পায়।’

চীনের বিপক্ষে অল্পের জন্য গোল পাননি ঋতুপর্ণা চাকমা। তাঁর দূরপাল্লার শট দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন চীনা গোলরক্ষক। তাই ঋতুপর্ণাকে নিয়ে বেশ সতর্কই থাকতে হচ্ছে কোরিয়ার কোচকে, ‘আমি তাদের আক্রমণভাগের তিন জন খেলোয়াড়কে বিপজ্জনক মনে করি। এর মধ্যে বিশেষ করে ১৭ নম্বর জার্সিধারী খেলোয়াড়কে (ঋতুপর্ণা) নিয়ে আমি সতর্ক, যে বাঁ প্রান্ত দিয়ে খুব দ্রুত আক্রমণ করতে পারে। আক্রমণ এবং রক্ষণ- উভয় ক্ষেত্রেই তাদের গতি আমাদের ভাবিয়ে তুলছে। তাই আগামীকালের (আজ) ম্যাচে এই খেলোয়াড়দের রুখতে আমাদের রক্ষণভাগকে আরও বেশি মনোযোগী হতে হবে।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর