১২ ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান ফুটবলার
নারী রেফারিকে নিয়ে কুরুচিপূর্ণ ও বৈষম্যমূলক মন্তব্য করায় ১২ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন ব্রাজিলের এক ফুটবলার। ব্রাজিলের শীর্ষ লিগ সিরি ‘আ’ এর ক্লাব রেড বুল ব্রাগানিতোর ডিফেন্ডার গুস্তাভো মার্কুয়েসকে এই শাস্তি দিয়েছে একটি ব্রাজিলীয় ক্রীড়া আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার ব্রাজিলিয়ান রিয়াল (প্রায় ৫ হাজার ৭০০ মার্কিন ডলার) জরিমানাও করা হয়েছে। ইএসপিএন
গত ২১ ফেব্রুয়ারি সাও পাওলোর বিপক্ষে সাও পাওলো রাজ্য লিগের কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হারের পর ম্যাচ শেষে নারী রেফারি ডায়ানি মুনিজকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মার্কুয়েস। সেই মন্তব্যকে যৌন বৈষম্যমূলক হিসেবে বিবেচনা করে শাস্তির সিদ্ধান্ত জানায় আদালত।
তবে নিষেধাজ্ঞাটি সব ধরনের প্রতিযোগিতার জন্য প্রযোজ্য নয়। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, এই ১২ ম্যাচের নিষেধাজ্ঞা কেবল সাও পাওলো ফুটবল ফেডারেশনের অধীনে আয়োজিত প্রতিযোগিতাগুলোর ক্ষেত্রে কার্যকর হবে। ফলে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা যেমন ব্রাজিলিয়ান লিগ বা ব্রাজিলিয়ান কাপে খেলতে তার কোনো বাধা থাকবে না।
ম্যাচ শেষে সম্প্রচারমাধ্যম টিএনটি স্পোর্টস ব্রাজিলকে দেয়া সাক্ষাৎকারে মার্কুয়েস বলেন, দলের লক্ষ্য ছিল সেমিফাইনাল কিংবা ফাইনালে ওঠা। কিন্তু তার মতে রেফারির সিদ্ধান্তের কারণে তাদের সেই স্বপ্ন ভেঙে যায়। ওই সময় তিনি বলেন, এত গুরুত্বপূর্ণ ম্যাচে একজন নারীকে রেফারি করা ঠিক হয়নি এবং বড় ক্লাবগুলোর ম্যাচে এমন দায়িত্ব দেয়া উচিত নয়।
তিনি বলেন, সেমিফাইনাল বা ফাইনালে ওঠা ছিল আমাদের স্বপ্ন। কিন্তু সে আমাদের ম্যাচটাই শেষ করে দিয়েছে। আমার মনে হয় এত গুরুত্বপূর্ণ ম্যাচে সাও পাওলো রাজ্যের ফুটবল ফেডারেশনের একজন নারীকে রেফারি করা উচিত নয়। আমরা যখন সাও পাওলো, পালমেইরাস বা করিন্থিয়ান্সের মতো দলের বিপক্ষে খেলি, তখন এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একজন নারীকে দায়িত্ব দেয়া ঠিক নয়।
এই মন্তব্য প্রকাশ্যে আসার পর ব্রাজিলের ফুটবল মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়। সমালোচনার মুখে পড়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চান ২৪ বছর বয়সী এই ডিফেন্ডার।
ক্ষমা চেয়ে মার্কুয়েস বলেন, তিনি তখন অত্যন্ত নার্ভাস ছিলেন এবং আবেগের বশে এমন কথা বলেছেন যা বলা উচিত হয়নি। তিনি রেফারি ডায়ানি মুনিজের সঙ্গে সরাসরি কথা বলে ক্ষমা চেয়েছেন বলেও জানান। একই সঙ্গে ম্যাচে দায়িত্ব পালন করা নারী সহকারী রেফারির কাছেও ক্ষমা চেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
মার্কুয়েস আরও বলেন, তার পরিবারের সদস্যরাও তার মন্তব্যের সমালোচনা করেছেন। বিশেষ করে তার স্ত্রী ও মা তাকে বিষয়টি নিয়ে কঠোরভাবে ভর্ৎসনা করেছেন। এরপরই তিনি একজন মানুষ হিসেবে নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে এগিয়ে আসেন।
এদিকে আদালতের রায়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি মার্কুয়েস বা তার ক্লাব রেড বুল ব্রাগানিতো। তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনার পর ক্লাব কর্তৃপক্ষও শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে তার বেতনের ৫০ শতাংশ কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।
এই ঘটনার পর ব্রাজিলের ফুটবলে নারী রেফারিদের প্রতি সম্মান ও সমতার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে, মাঠের ভেতর ও বাইরে নারী কর্মকর্তাদের নিয়ে বৈষম্যমূলক মন্তব্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে ক্রীড়া আদালত।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: