কিংসের ঘাড়ে নি:শ্বাস ফেলছে ফর্টিজ
প্রিমিয়ার লিগ ফুটবলে দারুণ ছন্দে থাকা ফর্টিজ তুলে নিল আরও একটি জয়। শনিবার কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোল ব্যবধানে হারায় তারা। আর তাতেই লিগ টেবিলের শীর্ষে থাকা কিংসের ঘাড়ে নিশ্বাস ফেলছে ফর্টিজ। দুদলের পয়েন্টই এখন সমান।
এই জয়ের পর ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে ফর্টিজ। সমান ম্যাচে সমান সংখ্যক পয়েন্ট অর্জন করেছে কিংসও। কিন্তু গোল ব্যবধানে ফর্টিজকে পেছনে ফেলে এক নম্বরে অবস্থান করছে তারা। এদিকে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১০ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ১০ পয়েন্ট।
দিনের একমাত্র ম্যাচে খেলতে নেমে বল দখলে এগিয়ে ছিল মোহামেডানই। আর আক্রমণে প্রায় সমানতালেই খেলেছে দুদল। পুরো ম্যাচের ৫৫ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখেন মোহামেডানের ফুটবলাররা। আর প্রতিপক্ষের গোলবার নিশানা করে ১৬টি শট নেয় তারা। এর মধ্যে লক্ষ্যে ছিল চারটি। তবে ম্যাচের ২২ মিনিটে গোল করে ফর্টিজকে এগিয়ে নেন গাম্বিয়ান ফুটবলার এসা জালো। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে উঠে মোহমেডান।
কিন্তু মিলছিল না কাক্সিক্ষত সেই গোলের দেখা। উল্টো ৫২ মিনিটে আরও এক গোল হজম করে সাদা-কালো জার্সিধারীরা। ফর্টিজের হয়ে দ্বিতীয় গোলটিও করেন এসা জালো। অবশ্য ১২ মিনিট পর একটি গোল শোধ করে মোহামেডান। পেনাল্টি কিক থেকে গোলটি করেন মোজাফফারভ। এরপর আর গোল হয়নি। ফলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় ফর্টিজের।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: