[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

মেসি-ডি পলের গোলে ডিসি ইউনাইটেডকে হারাল মায়ামি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬ ১০:০৩ এএম

আবারও জয়ের ধারায় ফিরেছে ইন্টার মায়ামি। তারকা ফুটবলার লিওনেল মেসি ও আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলের গোলে মেজর লিগ সকারে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে দলটি। বাংলাদেশ সময় রোববার (৮ মার্চ) ভোরে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ডিসি ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইন্টার মায়ামি। ১৭তম মিনিটে প্রথম গোলের দেখা পায় তারা। বাম প্রান্ত থেকে দারুণ একটি আড়াআড়ি পাস বাড়ান টেলেস্কো সেগোভিয়া ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে উঁচু কোনাকুনি শটে জাল কাঁপান রদ্রিগো ডি পল। এই গোলেই এগিয়ে যায় মায়ামি।

প্রথম গোলের দশ মিনিট পর ব্যবধান আরও বাড়ান লিওনেল মেসি। মাঝমাঠ থেকে মাতেও সিলভেত্তির বাড়ানো থ্রু বল অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন আর্জেন্টাইন অধিনায়ক। এরপর প্রথম টোকায় বল তুলে দেন গোলরক্ষকের মাথার উপর দিয়ে যা তার ক্যারিয়ারের পরিচিত ‘ট্রেডমার্ক’ ফিনিশগুলোর একটি।

মৌসুমে তিন ম্যাচে এটি মেসির তৃতীয় গোল। ক্যারিয়ারে এটি ছিল মেসির ৮৯৯তম গোল। এমএলএসের ইতিহাসে রেকর্ড আটবারের বর্ষসেরা এই তারকা আবারও নিজের দক্ষতার প্রমাণ দেন এই গোলের মাধ্যমে।

৩৮তম মিনিটে বাম প্রান্ত দিয়ে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ একটি শট নেন মেসি। তবে বলটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধ শেষ হওয়ার আগে আর গোল পায়নি কোনো দল।

বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে ডিসি ইউনাইটেড। আক্রমণ বাড়াতে থাকে স্বাগতিকরা। অবশেষে ৭৫তম মিনিটে গোল পায় তারা। টাই বারিবো গোল করে ব্যবধান কমান। তবে শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেনি ইউনাইটেড। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

এই জয়ের ফলে তিন ম্যাচে দুই জয় নিয়ে ৬ পয়েন্ট অর্জন করেছে ইন্টার মায়ামি। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তারা বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে তিন ম্যাচে দ্বিতীয় হারের মুখ দেখা ডিসি ইউনাইটেড ৩ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে।

মৌসুমের শুরুতে হারের ধাক্কা সামলে এখন টানা দুই জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ইন্টার মায়ামি। সামনে ম্যাচগুলোতেও মেসি-ডি পলের জুটির দিকে তাকিয়েই বড় সাফল্যের আশা করছে দলটি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর