[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ইয়ামালের গোলে বার্সেলোনার জয়, রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল কাতালানরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬ ১০:০৩ এএম

আবারও জয়ের ধারায় ফিরেছে বার্সেলোনা। কোপা দেল রে সেমিফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হারের হতাশা কাটিয়ে লা লিগায় গুরুত্বপূর্ণ জয় পেয়েছে কাতালান ক্লাবটি। শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে সান মেমেস স্টেডিয়ামে অ্যাথলেটিকো বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের একমাত্র গোলটি করেন তরুণ তারকা লামিনে ইয়ামাল।

ম্যাচজুড়ে দু’দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা মিলছিল না। শেষ পর্যন্ত ৬৮তম মিনিটে দুর্দান্ত এক শটে জালের দেখা পান ইয়ামাল। মাঝমাঠে পেদ্রির কাছ থেকে বল পেয়ে ডানদিকে জায়গা তৈরি করে এগিয়ে যান তিনি। এরপর বল নিয়ন্ত্রণ করে বাঁ পায়ের বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান। এই গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।

গোল হজমের পর আক্রমণের গতি বাড়ায় অ্যাথলেটিক বিলবাও। স্বাগতিকরা একের পর এক আক্রমণ চালালেও বার্সেলোনার রক্ষণভাগ সেগুলো ঠেকিয়ে দেয়। ফলে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের কষ্টার্জিত জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই জয়ের ফলে ২৭ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৬৭। ফলে শীর্ষস্থান আরও মজবুত করেছে তারা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ এখন চার পয়েন্ট পিছিয়ে, তাদের পয়েন্ট ৬৩।

১৮ বছর বয়সী ইয়ামাল চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ১৯তম গোল। এর আগে ভিয়ারিয়ালের বিপক্ষে লিগ ম্যাচে ৪-১ জয়ের ম্যাচে প্রথমবারের মতো হ্যাটট্রিক করেছিলেন এই স্প্যানিশ কিশোর।

আসন্ন ইউরোপিয়ান ম্যাচ মাথায় রেখে দল সাজিয়েছিলেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। আগামী মঙ্গলবার নিউক্যাসল ইউনাইটেডের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচ রয়েছে বার্সেলোনার। সেই ম্যাচের কথা মাথায় রেখে শুরুতে বেঞ্চে রাখা হয় রাফিনহা, পেদ্রি ও ফেরমিন লোপেজকে। তাদের জায়গায় একাদশে সুযোগ পান মার্কাস র‌্যাশফোর্ড, মার্ক বার্নাল ও মার্ক কাসাদো।

অন্যদিকে ইনজুরির কারণে খেলতে পারেননি জুলেস কুন্দে ও আলেজান্দ্রো বাল্দে। তাদের বদলে রক্ষণে খেলেছেন এরিক গার্সিয়া ও জোয়াও কানসালো।

কঠিন ম্যাচে কষ্টার্জিত এই জয় বার্সেলোনার শিরোপা দৌড়ে বড় স্বস্তি এনে দিয়েছে। এখন সামনে ইউরোপিয়ান মিশন চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় ধরে রাখতে চাইবে কাতালান ক্লাবটি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর