আটালান্টার বিপক্ষে খেলার জন্য একজন গোলরক্ষকও নেই, বায়ার্ন মিউনিখ কী করবে
মহা মুসিবত যাকে বলে! বায়ার্ন মিউনিখের প্রথম পছন্দের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। সপ্তাহখানেক আগে তিনি পেশির চোটে পড়েছেন। গত সপ্তাহে কনকাশন চোট পেয়েছেন জোনাস উরবিগ। এই দুজনের অনুপস্থিতিতে উলরেখ গোলপোস্টের দায়িত্ব সামলাচ্ছিলেন।
লিগে বায়ার্ন মিউনিখ গতকাল লেভারকুসেনের মুখোমুখি হয়েছিল। ১-১ গোলে ড্রয়ের এই ম্যাচে পেশির টিস্যু ছিড়ে গেছে উলরেখের। এমন অবস্থায় বায়ার্ন মিউনিখ যার ওপর ভরসা করতে পারত, সেই লেওন ক্লানাকের ইনজুরি বছরের শুরু থেকে।
উরবিগের কয়েক দিনের মধ্যে ফেরার সম্ভাবনা থাকলেও বাকিদের দিনক্ষণ বেশ খানিকটা দূরে। অথচ বুধবার (১৮ মার্চ) চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আটালান্টার মুখোমুখি হতে হবে তাদের। তার আগে বায়ার্নের হাতে একজন গোলরক্ষকও নেই। এর চেয়ে বড় বিপদ আর কী হতে পারে!
গোলরক্ষক সংকটের এমন অবস্থায় বায়ার্ন মিউনিখকে নিশ্চিতভাবেই যুব দলের দিকে হাত বাড়াতে হচ্ছে। আটালান্টা ম্যাচের জন্য যুব দলের সবচেয়ে আলোচিত নামটি লেওনার্দ প্রেসকট। ১৬ বছর বয়সি এই ফুটবলার প্রথম লেগের ম্যাচে বেঞ্চে বসেছিলেন।
প্রেসকটের জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে। এই সপ্তাহে যদি তার অভিষেক হয়ে যায়, তবে তিনি হবেন বায়ার্ন মিউনিখ ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলরক্ষক। সব মিলিয়ে তিনি হবেন বায়ার্নের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার। ২০২২ সালে মিডফিল্ডার পল ওয়ানারের তার চেয়েও কম বয়সে অভিষেক হয়েছিল। প্রেসকটকে দায়িত্ব দিয়ে বায়ার্ন কিছুটা নির্ভারই থাকতে পারে। প্রথম লেগটি তারা ৬-১ বড় ব্যবধানে জিতে রেখেছে।
বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি আরেকটু সিনিয়র কাউকে চাইলে জানিস বার্টলকে নিতে পারে। ১৯ বছর বয়সি এই খেলোয়াড় নতুন বছরের শুরু থেকে ক্লাবের রিজার্ভ দলের হয়ে নিয়মিত শুরুর একাদশে খেলছেন। দলের নিয়মিত গোলরক্ষক হওয়ার পর তিনি ১১ ম্যাচে ১১টি গোল হজম করেছেন এবং ৪টি ম্যাচে ক্লিন শিট রেখেছেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: