নেপাল নারী লিগে খেলতে কাঠমান্ডু গেলেন সানজিদা
নেপালের নারী ফুটবল লিগে খেলতে কাঠমান্ডুতে গেলেন জাতীয় দলের সাবেক ফুটবলার সানজিদা আক্তার।
মঙ্গলবার দুপুরে তিনি ঢাকা ছাড়েন তিনি। লিগে ললিতপুরের ক্লাব জাপা এফসির হয়ে খেলবেন বাংলাদেশের এই মিডফিল্ডার। সানজিদার ক্লাবের ম্যাচ রয়েছে আগামীকাল। তবে এই ম্যাচে সানজিদার খেলা নিয়ে খানিকটা শঙ্কা রয়েছে।
এ নিয়ে সানজিদার কথা, ‘কালকে হয়তো নাও খেলা হতে পারে। আরো কয়েকটি ম্যাচ রয়েছে। আশা করি নিজে ভালো পারফরম্যান্স করে দলকে সাফল্য এনে দিতে পারব।’ বাংলাদেশের নারী ফুটবলাররা মালদ্বীপ, ভারত ও ভুটানের লিগে খেলেছেন। তবে তাদের নেপালের লিগে খেলা হয়নি।
এ নিয়ে সানজিদা বলেন, ‘ভুটান ও ভারতের লিগে খেলেছি। নেপালের লিগে খেলার প্রথম অভিজ্ঞতা হবে। ভুটানের চেয়ে নেপাল লিগের পারিশ্রমিক একটু বেশি।’ সানজিদা বাংলাদেশ নারী ফুটবল দলে এক সময়কার নির্ভরযোগ্য ফুটবলার। ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করায় পরে আর দলে ডাক পাননি। ঘরোয়া ও বিভিন্ন লিগ খেলাই এখন তার ভরসা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: