ঈদের নিরানন্দ ভুলে থাইল্যান্ডের গরমে সেরাটা দিতে প্রস্তুত আলপিরা
ঈদের আনন্দ পরিবারের সঙ্গে কাটানোর সুযোগ না পেয়ে দেশের দায়িত্বে থাইল্যান্ডে পাড়ি জমিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল।
আসন্ন এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে গ্রুপ পর্ব পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেওয়াই তাদের লক্ষ্য। থাইল্যান্ডের তীব্র গরমেও নিজেদের সর্বোচ্চটা দিয়ে প্রস্তুতি নিচ্ছেন মেয়েরা। দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার সুরমা জান্নাতের কণ্ঠেও শোনা গেছে আত্মবিশ্বাসের সুর।
ঈদের দিন দেশ ছাড়তে হওয়ায় পরিবারকে খুব মিস করছেন সুরমা। থাইল্যান্ডে পৌঁছে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা ভালোভাবে থাইল্যান্ডে এসে পৌঁছেছি। তবে ঈদের দিনেই আমাদের আসতে হয়েছে। পরিবারকে অনেক মিস করছি, বিশেষ করে আমার বাবাকে।
তাদের সঙ্গে ঈদ করতে পারলাম না।’
এর আগেও উৎসবের সময়ে দেশের বাইরে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে এই ডিফেন্ডারের। তিনি বলেন, ‘এর আগেও একবার ঈদের রাতে আমরা সুব্রত কাপ খেলতে ভারতে গিয়েছিলাম। তখন অতটা খারাপ লাগেনি, তারপরও বাবা-মাকে অনেক মিস করছি।
পরিবারকে মিস করার আক্ষেপ একপাশে রেখে এখন পুরো মনোযোগ মাঠের খেলায়। আগামী ২৫ ও ২৭ মার্চ যথাক্রমে জর্ডান ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচগুলো নিয়ে সুরমা বলেন, ‘আমরা চেষ্টা করব আমাদের শতভাগ দিয়ে খেলতে। নিজেদের ভালোভাবে প্রস্তুত করে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার চেষ্টা থাকবে।’
থাইল্যান্ডের গরম আবহাওয়া মানিয়ে নেওয়াও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।
তবে কঠোর অনুশীলনের মাধ্যমে সেটিও সামাল দিতে চায় দল। সুরমা বলেন, ‘এখানে অনেক গরম। বাংলাদেশে আমরা সকালে অনুশীলন করি, তখন এতটা গরম থাকে না। এখানে গরম বেশি, তারপরও আমরা শতভাগ দিয়ে অনুশীলন করার চেষ্টা করছি। আবহাওয়া গরম হলেও পরিবেশটা অনেক সুন্দর।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: