চোখে চোখ রেখে লড়াইয়ের প্রতিশ্রুতি বাংলাদেশের
প্রতিপক্ষ ভিয়েতনাম। ফিফা র্যাংকিংয়ে যাদের অবস্থান ১০৩। আর বাংলাদেশের ১৮১। চ্যালেঞ্জ যত বড়, নিজেদের প্রমাণের মঞ্চও তত বিস্তৃত। উন্নতির পথ খুঁজতে কঠিন লড়াইয়ের বিকল্প নেই।
বাংলাদেশ শক্তিশালী দলের বিপক্ষে খেলতে চেয়েছিল। আর সেই সুযোগই যেন এবার সামনে এনে দিয়েছে ভিয়েতনাম। প্রীতি ম্যাচে ৭৮ ধাপ এগিয়ে থাকা দলটিকে পেয়ে মোটেও ভীত নয় জামাল ভূঁইয়ারা। আজ হ্যানয়ের মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টার ম্যাচে স্বাগতিকদের সঙ্গে চোখে চোখ রেখে সমান তালে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।
এশিয়ান কাপ বাছাইয়ে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের আরও ঝালিয়ে নিতে চায় হাভিয়ের কাবরেরার দল। বুধবার হ্যানয়ে সংবাদ সম্মেলনের শুরুতে বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ‘আমাদের মূল লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়া। তার আগে ভিয়েতনামের বিপক্ষে খেলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেললে আমাদের আত্মবিশ্বাস বাড়বে।’
ভিয়েতনাম দলে প্রবাসী ফুটবলারের উপস্থিতি নিয়ে সতর্ক স্প্যানিশ এই কোচ, ‘সুয়ান সন এবং আরেকজন ব্রাজিলীয় বংশোদ্ভূত খেলোয়াড়ের (হোয়াং হেন) উপস্থিতিতে ভিয়েতনাম দল এখন অনেক শক্তিশালী। আমরা আশা করি, বাংলাদেশ তাদের সেরা একাদশের বিপক্ষেই খেলতে পারবে।’
আজকের ম্যাচে হামজা চৌধুরীর খেলা প্রসঙ্গে কোচ বলেন, ‘হামজা মাত্র গতকাল বিকালে পৌঁছেছে। সে ভালো আছে, তবে আবহাওয়া ও সময়ের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। ম্যাচে সে খেলবে কি না, তা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’ কোচের পাশে বসে অধিনায়ক জামাল ভূঁইয়া লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘কঠিন ম্যাচ হতে যাচ্ছে, তবে বাংলাদেশ দল উন্নতি করছে। আমাদের বিশ্বাস আছে, আমরা ভিয়েতনামের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করতে পারবো।’
এদিকে ভিয়েতনাম কোচ কিম সাং-সিক বাংলাদেশ নিয়ে চিন্তিত। একটাই কারণ হামজা দেওয়ান চৌধুরী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি হামজার ব্যাপারে জানি। সে ইংল্যান্ডে খেলছে। আমরা তার ভিডিও বিশ্লেষণ করছি, যাতে তার শক্তির মোকাবিলা করার উপায় বের করা যায়। আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাচ জেতা।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: