ভারতের বিপক্ষে মাঠে নামার আগেই সুখবর পেলেন রোনান সুলিভানরা
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সে ম্যাচের আগেই সুখবর পেলেন রোনান সুলিভানরা।
এক ম্যাচ হাতে থাকতেই আসরের সেমিফাইনাল নিশ্চিত করলো লাল সবুজরা। ফলে পরের ম্যাচে চাপমুক্ত থেকেই মাঠে নামবে মার্ক এডওয়ার্ড কক্সের শিষ্যরা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভারতের কাছে ৩-০ ব্যবধানে হেরেছে পাকিস্তান। প্রথম ম্যাচে তারা বাংলাদেশের কাছে হেরেছিল ২-০ ব্যবধানে। তাতে পাকিস্তানের বিদায়ের সঙ্গে ‘বি’ গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত হয়ে গেল বাংলাদেশ ও ভারতের।
তবে সেমিফাইনাল নিশ্চিত হলেও শেষ ম্যাচের গুরুত্ব কমছে না। শেষ ম্যাচে ভারত-বাংলাদেশ লড়াইয়ে জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়নের তকমা পাবে। যা নির্ধারণ করবে তাদের শেষ চারের প্রতিপক্ষ। শনিবার (২৮ মার্চ) মালদ্বীপের মালেতে মুখোমুখি হবে দুদল।
এর আগে গত মঙ্গলবারের (২৪ মার্চ) ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে জয় এনে দেওয়ার নায়ক ছিলেন রোনান সুলিভান। যুক্তরাষ্ট্র প্রবাসী এ ফরোয়ার্ড অভিষেক ম্যাচেই সবার নজর কেড়েছেন। বিশেষ করে ম্যাচের ৫৪তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে বাঁকানো ফ্রি-কিক শটে জাল কাঁপিয়ে সমর্থকদের মন জয় করে নিয়েছেন। এরপর ৬৭তম মিনিটে সতীর্থের ক্রস হেডে জালে জড়িয়ে ব্যবধান ২-০ করেন। শেষ পর্যন্ত যা বাংলাদেশের জয়ের পুঁজি হয়।
ম্যাচশেষে সুলিভান জয়ে সন্তুষ্ট না থেকে ভারত বধের বার্তাও দিয়ে রাখেন। তিনি বলেন, ‘এটা অসাধারণ ম্যাচ ছিল। জিততে পেরে ভালো লাগছে। পরবর্তী ম্যাচে আমরা ভারতকে হারাতে চাই এবং শিরোপার পথে এগোতে চাই।’
এদিকে ভারতের বিপক্ষে অভিষেকের অপেক্ষায় রয়েছেন রোনানের আরেক ভাই ডেক্লান সুলিভান। তিনিও চলমান সাফে অনূর্ধ্ব-২০ দলের স্কোয়াডে রয়েছেন। যুক্তরাষ্ট্রে জন্ম ও বেড়ে ওঠা হলেও দুই ভাই বাংলাদেশকে কতটা হৃদয়ে ধারণ করেন, সে দৃশ্য দেখা গিয়েছিল পাকিস্তান ম্যাচের পরই। মাঠে বাংলাদেশের পতাকা উড়িয়ে সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন দুই ভাই। রোনান আর ডেক্লানের বাবা আমেরিকান আর মা জার্মানির। তবে তাদের নানু বাংলাদেশি। সেই সূত্র ধরেই লাল সবুজের জার্সি গায়ে পরা সুলিভান ব্রাদার্সের। তাদের আরও দুই ভাইও জনপ্রিয় ফুটবলার। কাভান ও কুইন সুলিভান অবশ্য যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে জড়ানোর প্রহর গুনছেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: